এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা, কবে খেলা, জেনে নিন

Photo: EBFC X

আসন্ন মহিলাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ‘এ’ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের প্রতিপক্ষ হতে চলেছে রাজশাহী স্টার্স (বাংলাদেশ), রোভার্স এফসি (গুয়াম) এবং সাবাহ এফএ (মালয়েশিয়া)। ওয়াকিবহাল মহলের ধারণা, খুব একটা কঠিন গ্রুপ নয় তাদের।

বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালা লামপুরে এএফসি হাউসে তৈরি হওয়া এই পর্বের ক্রীড়াসূচীতে আইডব্লিউএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সঙ্গে এই গ্রুপবিন্যাস হল।এদের মধ্যে সাবাহ এফএ এই পর্বের আয়োজক। অর্থাৎ তাদের মাঠেই ম্যাচগুলি হবে।

এশিয়ার সর্বোচ্চ স্তরের এই টুর্নামেন্টে দ্বিতীয়বার খেলবে লাল-হলুদ বাহিনী। গত মরসুমে প্রাথমিক পর্বের বাধা টপকে মূলপর্বে উঠেছিল তারা। সেখানে চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে তারা। গ্রুপ পর্বে জিতে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জেতা প্রথম ভারতীয় ক্লাব হিসাবেও ইতিহাস গড়ে তারা। এবারও তাই ভালো কিছু হবে, এই আশাতেই রয়েছে সমর্থকেরা।


১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় হবে এই গ্রুপের ম্যাচগুলি। প্রতি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। মোট ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দল সরাসরি মূলপর্বে উঠবে। সেখানে অপেক্ষা করবে সরাসরি যোগ্যতা অর্জন করা ছ’টি ক্লাব– গতবারের চ্যাম্পিয়ন নায়েগোহিয়াং উইমেন্স এফসি (উত্তর কোরিয়া), হোয়াচেওন কেএসপিও ডব্লিউএফসি (দক্ষিণ কোরিয়া), মেলবোর্ন সিটি এফসি (অস্ট্রেলিয়া), বেজিং জিংতান এফসি (চিন), আইএনএসি কোবে লিওনেসা (জাপান) এবং হো চি মিন সিটি উইমেন্স এফসি (ভিয়েতনাম)। সেপ্টেম্বরে হবে মূলপর্বের ড্র। নভেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই।

ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৭ আগস্ট রাজশাহী স্টার্স-এর বিরুদ্ধে। এর পর ২০ আগস্ট রোভার্স এফসি-র বিরুদ্ধে ম্যাচ তাদের এবং ২৩ আগস্ট সাবাহ এফএ-র বিরুদ্ধে শেষ ম্যাচ তাদের।