ভারতীয় দলে ডাক পেলেন নাইটের অলরাউন্ডার অনুকুল রায়

আই পিএল ক্রিকেটে শেষ চারে খেলবার জন্যে অঙ্ক কষছে কলকাতা নাইট রাইডার্স। আর তখন নাইটের অলরাউন্ডার অনুকূল রায় ভারতীয় দলে ডাক পেলেন। বিসিসিআইয়ের তরফে শ্রীলঙ্কার মাটিতে আয়োজিত হতে চলা ভারতীয় ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে ডাকা হয়েছে অনুকূলকে।

অনুকূল ঘরোয়া মরশুমে দুর্দান্ত পারফর্ম করছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি-তে তিনি টুর্নামেন্টের সেরা ছিলেন। বিজয় হাজারে, রনজিতেও ভালো খেলেছেন। আইপিএলে কেকেআর দলের নিয়মিত ছন্দে খেলছেন অনুকূল। এবার তারই পুরস্কার পাচ্ছেন ঝাড়খণ্ডের বাঁহাতি অলরাউন্ডার।

শ্রীলঙ্কার মাটিতে আগামী ৯ জুন থেকে ২১ জুন তিন দেশের একটি সিরিজ খেলবে ভারতের ‘এ’ দল। শ্রীলঙ্কা-ভারত ছাড়াও ওই সিরিজে খেলবে আফগানিস্তান। ওই ত্রিদেশীয় সিরিজের জন্য তিলক বর্মার নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা করেছিল ভারত।


ওই দলে প্রথমে সুযোগ দেওয়া হয়েছিল হর্ষ দুবে-কে। কিন্তু পরে হর্ষকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ওয়ানডে ম্যাচের সিরিজের দলে রয়েছেন হর্ষ। সেই জায়গায় এবার অনুকূলকে নেওয়া হল। ফলে বৈভব সূর্যবংশীদের পাশে এবার অনুকূলকে দেখা যাবে।

ভারতের দল: তিলক বর্মা (অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), আয়ুশ বাদোনি, নিশান্ত সিন্ধু, সূর্যশ সেডগে, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), বিপ্রাজ নিগম, যশ ঠাকুর, যুধবীর সিং, অংশুল কাম্বোজ, আরশাদ খান এবং অনুকূল রায়।