রাহুলের এক কথাতেই জল্পনার অবসান, সৌরভের দলেই থাকছেন তারকা কিপার

KL Rahul Photo-SNS

আইপিএল ২০২৭-এর আগে একের পর এক ক্রিকেটারের দলবদল নিয়ে জল্পনা। সেই তালিকায় ছিলেন লোকেশ রাহুলও। কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে দিলেন তিনি নিজেই। দিল্লি ক্যাপিটালসের অন্যতম মালিক পার্থ জিন্দালের একটি পোস্টে রাহুলের সংক্ষিপ্ত জবাবেই কার্যত স্পষ্ট হয়ে গেল—আগামী মরসুমেও দিল্লির জার্সিতেই দেখা যাবে তাঁকে।

আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর থেকেই রাহুলকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছিল। বিশেষ করে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসে প্রত্যাবর্তনের পর প্রশ্ন উঠেছিল, রাহুলের ভবিষ্যৎ কোথায়? পন্থ লখনউ সুপার জায়ান্টস থেকে আবার দিল্লিতে ফিরেছেন। পাশাপাশি কুলদীপ যাদবও ট্রেডের মাধ্যমে লখনউয়ে চলে গিয়েছেন। ফলে দিল্লির দলে রাহুল থাকবেন কি না, তা নিয়ে জল্পনা আরও বাড়ে।

সেই আবহেই রাহুলকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক পার্থ জিন্দাল। সমাজমাধ্যমে রাহুলকে ‘ক্লাচ প্লেয়ার’ বলে প্রশংসা করেন তিনি। জিন্দাল লেখেন, ‘দিল্লি ক্যাপিটালসের জন্য কেএল-ই হলেন ‘ক্লাচ’ খেলোয়াড়। আমার পরিচিত সবচেয়ে ভাল মানুষদের একজন, যে সব সময় নিজের আগে দলকে রাখে। আমাদের কিছু কাজ এখনও বাকি রয়েছে। দিল্লিকে গর্বিত করতে আমরা একসঙ্গে কঠোর পরিশ্রম করব।’


জিন্দালের সেই পোস্টের জবাবেই রাহুল লেখেন, ‘ধন্যবাদ। আগামী মরসুমের জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ এই ছোট্ট মন্তব্যই তাঁকে নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়েছে। অর্থাৎ, আইপিএল ২০২৭-এ দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই মাঠে নামবেন ভারতীয় ব্যাটার।

২০২৫-এর আইপিএলের আগে ১৪ কোটি টাকায় দিল্লিতে যোগ দিয়েছিলেন রাহুল। প্রথম মরসুমেই ৫৩৯ রান করেছিলেন তিনি। ২০২৬-এ তাঁর ব্যাট থেকে এসেছে আরও ৫৯৩ রান। ফলে ব্যাট হাতে দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন রাহুল।

এদিকে রাহুলকে নিয়ে জল্পনার অবসান হলেও দলবদলের বাজারে অন্য নামও ঘুরছে। মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকে নিয়েও আলোচনা চলছে। খবর অনুযায়ী, তাঁকে নিয়ে এখনও কোনও কার্যকর চুক্তি হয়নি। ফলে ২০২৭ মরসুমেও হার্দিকের মুম্বইয়ে থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলের অধিনায়কত্বে পরিবর্তন হতে পারে বলে জল্পনা চলছে।

সব মিলিয়ে রাহুলের একটি ছোট্ট মন্তব্যই আপাতত বড় খবর। দিল্লির সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ ভাঙছে না—বরং আগামী মরসুমে ট্রফি জয়ের লক্ষ্যে ফের একসঙ্গে নামতে চলেছেন রাহুল, সৌরভ ও যুবরাজ সিং।