চাপের মুখেও অবিচল, দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি! রাহুলের প্রশংসায় পঞ্চমুখ ভারতের ব্যাটিং কোচ

Photo: X

দলের প্রয়োজনে কখনও ওপেনার, কখনও মিডল অর্ডার ব্যাটার, আবার কখনও ইনিংসের শেষ দিকে ফিনিশারের ভূমিকায়। ব্যাটিং অর্ডারের যে কোনও জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। শুধু তাই নয়, কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে দলকে ভরসা দেওয়ার ক্ষেত্রে বার বার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন কে এল রাহুল। ভারতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটারের এমনই একাধিক গুণের প্রশংসা করলেন দলের সহকারী কোচ সীতাংশু কোটাক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচের আগে রাহুলকে নিয়ে মুখ খুলেছেন কোটাক। তাঁর মতে, ভারতীয় দলের সম্পদ রাহুল। ব্যাটিং অর্ডারে যে কোনও জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে।

টেস্ট ক্রিকেটে ওপেন করেন রাহুল। আবার এক দিনের ক্রিকেটে তাঁকে দেখা যায় মিডল অর্ডারে। প্রয়োজনে ইনিংসের শেষ পাঁচ ওভারেও দ্রুত রান তোলার দায়িত্ব সামলাতে পারেন তিনি। কোটাকের মতে, দলের প্রয়োজন বুঝে নিজের ব্যাটিংয়ের ধরন বদলে নেওয়াটাই রাহুলের সবচেয়ে বড় শক্তি।


তিনি বলেন, ‘লাল বলের ক্রিকেটে ওপেন করতে পারে, আবার সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডারেও ব্যাট করতে পারে— এটাই কে এল রাহুলের সবচেয়ে বড় সুবিধা। প্রয়োজন হলে ইনিংসের শেষ পাঁচ ওভারেও ব্যাট করতে পারে। সেখানেও ওর রেকর্ড যথেষ্ট ভাল। আসলে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করে রাহুল’।

শুধু ব্যাটিংয়ের জায়গা বদল নয়, সুযোগ পেলেই দলের জন্য রান করার ক্ষমতাও মুগ্ধ করেছে কোটাককে। তাঁর কথায়, ‘আমি দলে যোগ দেওয়ার পর থেকে এমন খুব বেশি ম্যাচ মনে করতে পারছি না, যেখানে ব্যাট করার সুযোগ পেয়েও রাহুল রান করেনি। বেশ কিছু অবিশ্বাস্য ইনিংস খেলেছে ও’।

ওয়েলিংটনে দ্বিতীয় এক দিনের ম্যাচে কঠিন পিচে অপরাজিত ২৬ রান করেছিলেন রাহুল। ৩৮ বলের ইনিংসে ছিল দু’টি চার ও দু’টি ছয়। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর পরেও এক দিক ধরে রেখেছিলেন তিনি। সেই ইনিংসই আবার প্রমাণ করেছে, কঠিন পরিস্থিতিতে কতটা নির্ভরযোগ্য রাহুল।

কোটাকের কথায়, ‘আমি কখনও রাহুলকে চাপে থাকতে দেখিনি। সব সময় ওকে খুব স্থির এবং শান্ত দেখায়। বেশির ভাগ সময়, বলা যায় প্রায় সব সময়ই, দলকে হতাশ করেনি ও’।

রাহুলের অভিজ্ঞতা এবং পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরন বদলে নেওয়ার ক্ষমতাকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন ভারতের সহকারী কোচ। তাঁর মতে, স্ট্রাইক রোটেট করা থেকে শুরু করে বাউন্ডারি কিংবা প্রয়োজনের সময়ে ছয় মারার দক্ষতা— সবই রয়েছে রাহুলের মধ্যে।

কোটাক বলেন, ‘রাহুলের মতো একজন ক্রিকেটারকে দলে পাওয়া দারুণ ব্যাপার। ওর অভিজ্ঞতা রয়েছে, মানসিক দৃঢ়তা রয়েছে। স্ট্রাইক রোটেট করতে পারে, বাউন্ডারি মারতে পারে, আবার প্রয়োজন হলে অনায়াসে কয়েকটি ওভার বাউন্ডারিও হাঁকাতে পারে। দলের কাছে এমন ক্রিকেটার বিরাট সম্পদ’। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে রাহুলের ভূমিকা তাই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করেন কোটাক। কঠিন পিচে তাঁর অভিজ্ঞতা ও ঠান্ডা মাথার ব্যাটিং ভারতের কাছে বড় ভরসা।