আইপিএল ২০২৭-এর আগে নতুন করে অধিনায়ক খুঁজতে হতে পারে দিল্লি ক্যাপিটালসকে। গত দু’মরসুমে দলকে প্লে-অফে তুলতে পারেননি অক্ষর পটেল। এ বার নিজেই নাকি অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাইছেন ভারতীয় অলরাউন্ডার। তাঁকে বোঝানোর চেষ্টা করছে দিল্লি ম্যানেজমেন্ট। কিন্তু অক্ষর সিদ্ধান্তে অনড় থাকলে দায়িত্ব যেতে পারে কে এল রাহুলের হাতে। সম্ভাব্য অধিনায়ক হিসাবে আলোচনায় রয়েছেন ঋষভ পন্থও।
দিল্লির অধিনায়কত্ব নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। জিওস্টারের ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘এখানে একাধিক প্রশ্ন রয়েছে। অধিনায়ক কে হবেন? ঋষভ পন্থ অধিনায়ক হওয়ার দাবিদার, কে এল রাহুলও একটা বিকল্প। আমি শুনছি, অক্ষর অধিনায়ক হতে চাইছেন না। সব মিলিয়ে এখন বোঝাই যাচ্ছে না, দলকে নেতৃত্ব দেবেন কে। এই মুহূর্তে কে এল রাহুলই অধিনায়ক হতে পারেন’।
২০২৫ সালে ঋষভ পন্থ লখনউ সুপার জায়ান্টসে চলে যাওয়ার পর দিল্লির অধিনায়ক হন অক্ষর। প্রথম মরসুমে ভাল শুরু করেছিল দল। প্রথম ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছিল তারা। কিন্তু পরের দিকে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে শেষ করে দিল্লি। ২০২৬ মরসুমেও প্লে-অফে উঠতে পারেনি তারা। এ বার ষষ্ঠ স্থানে শেষ করেছে দল।
ব্যাটে-বলেও গত মরসুমে অক্ষরের পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়ে। ১৪ ম্যাচে ১৭৩ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন তিনি। দলীয় সূত্রের খবর, এই দুই মরসুমের পারফরম্যান্সের পর অধিনায়কত্ব চালিয়ে যেতে খুব একটা আগ্রহী নন অক্ষর।
তবে তাঁকে ছেড়ে দিতে চাইছে না দিল্লি। একাধিক লাভজনক ট্রেডের প্রস্তাব এলেও অক্ষরকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। একটি সূত্রের বক্তব্য, ‘ম্যানেজমেন্ট অক্ষরকে রাজি করানোর চেষ্টা করছে। ফ্র্যাঞ্চাইজির কাছে ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মরসুমে একাধিক বড় অঙ্কের ট্রেড প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দিল্লি’।
পন্থের দিল্লিতে প্রত্যাবর্তন অধিনায়কত্বের অঙ্ক আরও জটিল করেছে। লখনউ থেকে ট্রেডের মাধ্যমে আবার পুরনো দলে ফিরেছেন তিনি। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত দিল্লির অধিনায়ক ছিলেন পন্থ। তবে এ বার নেতৃত্বের দায়িত্ব নিতে তিনি কতটা আগ্রহী, তা নিয়ে সংশয় রয়েছে।
রাহুলের অভিজ্ঞতাও কম নয়। পঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস— দু’টি দলকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত লখনউয়ের অধিনায়ক ছিলেন রাহুল। তাঁর নেতৃত্বে প্রথম দু’মরসুমে প্লে-অফেও উঠেছিল দল। ফলে অক্ষর সরে দাঁড়ালে রাহুলকে দায়িত্ব দেওয়ার ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দিল্লির কোচিং বিভাগেও বড় বদল এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধান কোচ হয়েছেন, সহকারী কোচের দায়িত্বে যুবরাজ সিং। নতুন মরসুমের আগে নিলাম, দল গঠন এবং অধিনায়ক নির্বাচন—সব দিক সামলে ঘুরে দাঁড়ানোই এখন দিল্লির লক্ষ্য।