আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাস্তির কবলে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ কায়রন পোলার্ড। বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনাটি ঘটেছে। এজন্য ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডারকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাশাপাশি তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আইপিএল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, পোলার্ড আচরণবিধির ২.৩ ধারা লঙ্ঘন করেছেন। মুম্বাই ইনিংসের ১৯তম ওভারে আম্পায়ারদের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ পোলার্ড। অভিযোগ, সেই সময় চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার পাশাপাশি অশালীন ভাষাও ব্যবহার করেন তিনি।
আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ শেষে পোলার্ডকে শুনানিতে ডেকে পাঠান ম্যাচ রেফারি পঙ্কজ ধারমানি। শুনানির সময় নিজের আচরণের জন্য দোষ স্বীকার করে নেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ। আর এরপরেই আইপিএল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে জরিমানা ও ডিমেরিট পয়েন্টের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।