মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘ দিনের। এক সময় মাঠে নেমে প্রতিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিতেন। অবসর নেওয়ার পরেও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। এ বার সেই বিধ্বংসী ক্যারিবিয়ানের কাঁধেই বড় দায়িত্ব তুলে দিল মুম্বই ইন্ডিয়ান্স।
২০২৭ সালের আইপিএলে দলের প্রধান কোচ হিসেবে দেখা যাবে প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কায়রন পোলার্ডকে। গত কয়েক মরসুমে ব্যাটিং কোচের দায়িত্ব সামলানোর পর এ বার মুম্বইয়ের ডাগআউটে আসল ‘বস্’ হবেন তিনিই।
শনিবার পোলার্ডের নিয়োগের কথা ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বারের আইপিএল জয়ী দলের সঙ্গে পোলার্ডের সম্পর্ক ২০১০ সাল থেকে। দীর্ঘ ১৬ বছরে দলের সাফল্যের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছেন তিনি। এ বার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজি।
‘মুম্বই আমার জীবনের বড় অংশ’
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত পোলার্ড। তাঁর কথায়, ‘মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পাওয়া আমার কাছে সম্মানের। এই দল আমার জীবন ও ক্রিকেটজীবনের বড় অংশ। দলের ক্রিকেটারদের সঙ্গে এবং সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটার এবং পরে কোচ হিসেবে এই দলের সঙ্গে পথ চলার অভিজ্ঞতা থেকে বুঝেছি, মুম্বই ইন্ডিয়ান্সের পরিচয় কী এবং নীল-সোনালি জার্সি পরার সঙ্গে কতটা দায়িত্ব জড়িয়ে রয়েছে। আমার উপর আস্থা রাখার জন্য নীতা আম্বানি, আকাশ আম্বানি এবং মুম্বই ইন্ডিয়ান্স পরিবারের প্রত্যেককে ধন্যবাদ। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। দলের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চাই, নতুন প্রতিভাদের উন্নতিতে সাহায্য করতে চাই। সমর্থকদের আরও অনেক আনন্দের মুহূর্ত উপহার দিতে চাই।’
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Mumbai Indians elevate Kieron Pollard as Head Coach
A defining figure in MI’s success, the remarkable 16-year association of Kieron Pollard within the #OneFamily enters a new chapter.
Read more – https://t.co/ORZz4gruIr https://t.co/BMI38BYH1f</p>— Mumbai Indians (@mipaltan) <a href=”https://x.com/mipaltan/status/2113851529296068780?ref_src=twsrc%5Etfw”>October 24, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
১৩ মরসুমে পাঁচটি আইপিএল, দু’টি চ্যাম্পিয়ন্স লিগ
মুম্বইয়ের জার্সিতে পোলার্ডের অবদান শুধু পরিসংখ্যানে মাপা সম্ভব নয়। ২০১০ সালে দলে যোগ দেওয়ার পর ১৩ মরসুম খেলেছেন তিনি। তাঁর সময়েই পাঁচ বার আইপিএল এবং দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছে মুম্বই।
আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মুম্বইয়ের হয়ে ২১১টি ম্যাচ খেলেছেন পোলার্ড। করেছেন ৩৯১৫ রান। তাঁর স্ট্রাইক রেট ১৪৭। আইপিএলে তাঁর রান ৩৪১২। পাশাপাশি বল হাতেও কার্যকর ছিলেন তিনি। আইপিএলে ৬৯টি-সহ মোট ৭৯টি উইকেট নিয়েছেন। ফিল্ডিংয়েও তাঁর অবদান কম নয়। আইপিএলে ১০৩টি ক্যাচ ধরেছেন পোলার্ড।
২০২২-এ আইপিএল থেকে অবসর নেওয়ার পর ব্যাটিং কোচ হিসেবে কাজ চালিয়ে গিয়েছেন তিনি। এ বার সেই অভিজ্ঞতাই তাঁকে প্রধান কোচের দায়িত্বে পৌঁছে দিল।
কঠিন সময়ে দায়িত্ব পোলার্ডকে
নতুন কোচের সামনে অবশ্য চ্যালেঞ্জ কম নয়। ২০২০-র পর থেকে আর আইপিএল জেতেনি মুম্বই। গত ছয় মরসুমের মধ্যে চার বারই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ২০২৬ আইপিএলে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে পয়েন্ট তালিকায় নবম স্থানে শেষ করেছিল দল।
মুম্বইয়ের অন্যতম কর্ণধার নীতা আম্বানি পোলার্ডের নিয়োগ নিয়ে বলেছেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ক্রিকেটার হিসেবে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা, আবেগ এবং ক্রিকেট সম্পর্কে তার ধারণা ভাগ করে নিয়েছে। প্রধান কোচ হিসেবে ওর এই নতুন দায়িত্ব গ্রহণে আমরা আনন্দিত। মুম্বইয়ের জার্সি পরার অর্থ কী, তা পোলার্ড জানে। এই দলের হয়ে খেলতে কী প্রয়োজন, সেটাও বোঝে।’
জয়বর্ধনের বিদায়ের পর নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে মুম্বই। পোলার্ডের অভিজ্ঞতা, দলের সংস্কৃতি সম্পর্কে তাঁর ধারণা এবং ক্রিকেটারদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক কতটা কাজে আসে, এখন সেটাই দেখার। ২০২৭ আইপিএলে মুম্বইয়ের প্রত্যাবর্তনের গল্পের নায়ক হয়ে উঠতে পারবেন তিনি?