মোহনবাগান ফুটবলারদের বাদ দিয়েই দল ঘোষণা খালিদের

 ইউনিটি কাপে চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স করেছে ভারতীয় ফুটবল দল। দুই ম্যাচে জামাইকা ও জিম্বাবোয়ের কাছে হেরে টুর্নামেন্টে চতুর্থ স্থানে শেষ করেছে খালিদ জামিলের দল। ফলে, ফিফা ক্রমতালিকায় একধাপ নেমে বর্তমানে ১৩৭ নম্বরে রয়েছেন ছাংতে, রহিম আলি’রা।

এদিকে, ইউনিটি কাপের স্কোয়াডে জায়গা পেলেও ম্যানেজমেন্টের নির্দেশে শেষ মুহূর্তে দল ছেড়ে বেরিয়ে আসেন মোহনবাগান সুপার জায়ান্টের সাত ফুটবলার। সবুজ-মেরুন ব্রিগেডের দাবি ছিল, ফিফা উইন্ডোতে ম্যাচ না হওয়ায় তারা খেলোয়াড় ছাড়বে না। এর প্রভাব পড়েছে তাজিকিস্তান ম্যাচের স্কোয়াডে।

আসন্ন প্রীতি ম্যাচের দলে মোহনবাগানের কোনও ফুটবলারকে রাখেননি ভারতীয় দলের কোচ খালিদ জামিল। এই প্রসঙ্গে বলা যায়, এর আগে কাফা নেশন্স কাপে তাজিকিস্তানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। এদিকে, চোটের কারণে এই দলে সুযোগ পাননি স্ট্রাইকার রায়ান উইলিয়ামস। তাঁর পরিবর্তে দলে জায়গা দেওয়া হয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসির ফুটবলার পার্থিব গগৈ’কে।


ভারতীয় দল
গোলরক্ষক : 
গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, অ্যালবিনো গোমেস
ডিফেন্ডার : রাহুল ভেকে, নিখিল বারলা, নিখিল পূজারি, রোশন সিং নওরেম, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্র, বিজয় ভার্গিস, পরমবীর
মিডফিল্ডার : জিকসন সিং, ম্যাকার্টন নিকসন, নৌফাল পিএন, রিকি শাবং
স্ট্রাইকার : পার্থিব গগৈ, এডমুন্ড লালরিনডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, ফারুক চৌধুরী, বিক্রম প্রতাপ সিং