করুণ ও সরফরাজ ভারতীয় দলে ডাক পেতে পারেন

ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের নাম শনিবার ঘোষণা করতে চলেছে বোর্ড। সবারই চোখ ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবেন, তা দেখার জন্য। পাশাপাশি, পাঁচ টেস্ট সিরিজে ভারতীয় দলে কতজন নতুন মুখ জায়গা পাবেন, সেটাও দেখার বিষয়। ভারতীয় দলে খুব সম্ভবত ১৮ জন ইংল্যান্ড সফরে যাবেন। ১৮ জনের দলে থাকছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অপর ওপনার হতে পারেন লোকেশ রাহুল। যদি অধিনায়ক হিসেবে শুভমন গিলকে দেখা যায়, সেক্ষেত্রে শুভমনকে ওপেনার হিসেবে দেখা গেলে অবাক হওয়ার কোনও কারণ নেই। আবার ওপেনার হিসেবে ভাবা যেতে পরে সাই সুদর্শনকে। অভিমন্যু ঈশ্বরণ প্রধান দাবিদার হতে পারেন এই জায়গায়।

কিন্তু অভিমন্যু দলে আসতে পারবেন কিনা, সেই প্রশ্নটাও খেলা করছে। পাঁচ নম্বরের জন্য দাবিদার করুণ নায়ার, সরফরাজ খান ও শ্রেয়স আইয়ার। তিনজনের কেউই অস্ট্রেলিয়ায় খেলেননি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, শ্রেয়সকে হয়তো নেওয়া হবে না টেস্ট দলে। রঞ্জিতে শ্রেয়স ব্যাট হাতে কিন্তু সরফরাজ বা করুণ নায়ারের মতো সফল ছিলেন না। ছয় এবং সাত নম্বরের জন্য় ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা রয়েছেন। বেশ কিছুদিন ধরেই তাঁরা ওই জায়গায় খেলছেন। তবে পন্থের ফর্ম খুব একটা ভালো নয়। তবে আইপিএলের থেকে টেস্ট অনেকটাই আলাদা। যদি পন্থের বিকল্প হিসেবে ধ্রুব জুরেলকে টিমে রাখা হতে পারে। ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় স্পিনার-অলরাউন্ডার হতে পারেন। ইংল্য়ান্ডের শুকনো পিচের কথা ভেবে তাঁকে দলে রাখা হতে পারে। দু’জন পেস বোলার অলরাউন্ডার হিসেবে থাকবেন নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুর।

মোট পাঁচজন ফাস্ট বোলার এবং একজন স্পিনারকে রাখার কথা। যশপ্রীত বুমরা পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন। সিরাজ হতে পারেন সঙ্গী। তৃতীয় পেসার হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। আকাশ দীপ এবং হর্ষিত রানার জন্য খুলতে পারে টেস্ট টিমের দরজা। অংশুল কম্বোজ, খলিল আহমেদের সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে অর্শদীপ সিংয়ের উপর আস্থা রাখতে পারে বোর্ড। একমাত্র রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।