এআইএফএফ নির্বাচনের আগে বেশ কিছু দিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল সংস্থার সভাপতি কল্যাণ চৌবের ভবিষ্যৎ নিয়ে। প্রথমে গুজরাত ফুটবল সংস্থা এবং পরে দমন ও দিউ ফুটবল সংস্থার সমর্থন পেলেও তা নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে ভোটার তালিকায় তাঁর জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার কর্নাটক ফুটবল সংস্থার হাত ধরে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে এলেন বর্তমান সভাপতি।
১৫ নভেম্বর প্রকাশিত খসড়া নির্বাচকমণ্ডলীর তালিকায় কর্নাটকের প্রতিনিধি হিসাবে নাম ছিল সংস্থার সভাপতি এন এ হ্যারিস এবং হানিফ মহম্মদের। কিন্তু পরে হানিফ ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেন।
১৬ নভেম্বর কর্নাটক ফুটবল সংস্থাকে চিঠি দিয়ে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানান হানিফ। তাঁর বক্তব্য ছিল, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক ও মানসিক চাপ এবং দীর্ঘ দূরত্বের যাতায়াত এড়িয়ে চলা প্রয়োজন।
এর পরে ১৮ নভেম্বর এআইএফএফের কাছে নতুন প্রতিনিধি হিসাবে এন এ হ্যারিস ও কল্যাণ চৌবের নাম পাঠায় কর্নাটক ফুটবল সংস্থা। বিষয়টি খতিয়ে দেখে হানিফের চিকিৎসার নথি চেয়ে পাঠান নির্বাচনী আধিকারিক রাজীব শর্মা। ১৪ নভেম্বর মণিপাল হাসপাতালের চিকিৎসক পঙ্কজ সিংহাইয়ের দেওয়া শংসাপত্রও জমা দেয় সংস্থা। সেখানে হানিফকে দীর্ঘ দূরত্বের যাতায়াত ও মানসিক চাপ এড়িয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।
নির্বাচনী আধিকারিকের নির্দেশে জানানো হয়েছে, কর্নাটক ফুটবল সংস্থা এআইএফএফের পূর্ণ সদস্য হওয়ায় নির্বাচকমণ্ডলীতে তাদের দু’টি ভোটাধিকার রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি ও সংশোধনের আবেদন জমা পড়েছিল। তাই নিয়ম মেনেই এই পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, ‘প্রতিনিধি নিজে লিখিত ভাবে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন। পূর্ণ সদস্য সংস্থার মাধ্যমে সেই আবেদন জমা পড়েছে এবং এর পিছনে চিকিৎসাজনিত কারণ রয়েছে। তাই নাম প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হচ্ছে।’
ফলে কর্নাটকের প্রতিনিধি হিসাবে এন এ হ্যারিসের সঙ্গে থাকবেন কল্যাণ চৌবে। হানিফের পরিবর্তে ভোটার তালিকায় কল্যাণের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ২০ ডিসেম্বরের নির্বাচনে এআইএফএফ সভাপতি পদে লড়ার ক্ষেত্রে কল্যাণের সম্ভাবনাও আরো বাড়ল। উল্লেখ্য, ২০২২ সালে প্রাক্তন ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হয়েছিলেন কল্যাণ।
তবে তাঁর চার বছরের কার্যকালে ভারতীয় ফুটবলের উন্নতি, ফেডারেশনের পরিচালন ব্যবস্থা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই সময়েই ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে রিলায়্যান্স ও টাটার মতো বিশ্বখ্যাত ভারতীয় শিল্পগোষ্ঠি। দেশের এক নম্বর লিগ আইএসএল আয়োজনের সম্পূর্ণ দায়িত্বও এখন আর ফেডারেশনের হাতে নেই। অনেক চেষ্টার ণরেও কোনও মার্কেটিং পার্টনার আনতে পারেনি ফেডারেশন।
অভিযোগ উঠেছে, সম্প্রতি ব্রাজিল, উরুগুয়ে, পানামার মত বিশ্বকাপে খেলা দেশের জাতীয় দলগুলোর সঙ্গে ভারতের জাতীয় দলের ম্যাচ আয়োজন করতে গিয়ে বাজারে প্রায় ৪০-৪৫ কোটি টাকার দেনা হয়ে গিয়েছে কল্যাণের নেতৃত্বাধীন এআইএফএফের। যার কোনও বিস্তারিত হিসাবও দিতে পারেননি কল্যাণ।কয়েক বছর আগেও ফিফার ক্রমতালিকায় একশোর আশপাশে থাকা ভারত এখন নেমে এসেছে ১৪১-এ।
বাইচুং ভুটিয়া-সহ প্রাক্তন ফুটবলারদের একাংশ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হস্তক্ষেপও চেয়েছেন।
এ বার কল্যাণের সামনে নতুন চ্যালেঞ্জ। আগামী ২০ ডিসেম্বর দিল্লিতে এআইএফএফের কার্যকরী কমিটির নির্বাচন। সভাপতি পদে তিনি আবার লড়বেন কি না, তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি।
তবে ভোটার তালিকায় তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক ক্ষমতার লড়াইয়ে আগামী কয়েক দিনে হয়তো আরও অনেক নাটকীয় মোড় আসতে চলেছে।