কমনওয়েলথ গেমসের উদ্বোধনের দিনেই ডোপিং-ধাক্কা ভারতের! নাম প্রত্যাহার জুডোকার, গ্লাসগোয় অভিযান শুরু জয় দিয়ে

Arun Kumar Photo-SNS

বৃহস্পতিবার থেকে গ্লাসগোয় শুরু হওয়া কমনওয়েলথ গেমস থেকে প্রত্যাহার করা হল ভারতের জুডোকা অরুণ কুমারকে। কারণ, প্রতিযোগিতার বাইরে করা ডোপ টেস্টে তিনি ব্যর্থ হয়েছেন।

৭৩ কেজি বিভাগের এই জুডোকা গত মাসে কিংদাও গ্রাঁ প্রি-তে অংশ নিয়েছিলেন। ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি (নাডা) তাঁকে সাময়িকভাবে (প্রোভিশনাল) নির্বাসনে পাঠাল।

জুডো ফেডারেশনের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, ‘সাসপেনশনের বিজ্ঞপ্তি আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই ওকে দল থেকে প্রত্যাহার করতেই হচ্ছে’। ভারত প্রথমে কমনওয়েলথ গেমসের জন্য সাতজন পুরুষ ও সাতজন মহিলা মিলিয়ে ১৪ সদস্যের জুডো দল অনুমোদন করেছিল। অরুণ কুমার বাদ পড়ায় ভারতের মোট সদস্যসংখ্যা কমে দাঁড়াল ১২৪। উল্লেখ্য, ভারতের জুডো দল এখনও গ্লাসগোর উদ্দেশে রওনা দেয়নি। কারণ জুডো ইভেন্ট শুরু হবে ৩১ জুলাই থেকে।


বৃহস্পতিবার গ্লাসগোতে কমনওয়েলথ গেমস-এ ভারতের অভিযান শুরু হয় সাফল্য দিয়ে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আগেই নজরের কেন্দ্রে ছিল লন বোলস। ২০২২-এ মহিলাদের ফোরস ইভেন্টে ঐতিহাসিক সোনা জয়ী কমনওয়েলথ চ্যাম্পিয়ন রূপা রানি তিরকি ও পিঙ্কি এবারও নিজেদের অভিযান শুরু করলেন জয় দিয়ে। এ দিন মহিলাদের লন বোলস পেয়ার্স ইভেন্টে রুদ্ধশ্বাস টাই-ব্রেকারে মাল্টাকে হারিয়ে শুভ সূচনা করলেন রূপা-পিঙ্কি জুটি।

ভারতের এই জুটি—লিড হিসেবে রূপা রানি তিরকি এবং স্কিপ হিসেবে পিঙ্কি—প্রথম সেটে দাপটের সঙ্গে ৭-১ ব্যবধানে জয় তুলে নেন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় মাল্টা এবং ৪-৩ ব্যবধানে জিতে ম্যাচকে টাই-ব্রেকারে নিয়ে যায়।

শেষ পর্যন্ত স্নায়ুর লড়াইয়ে নিজেদের সংযত রেখে টাই-ব্রেকারে জয় নিশ্চিত করেন ভারতীয়রা। নির্ণায়ক মুহূর্তে পিঙ্কি তাঁর শেষ বোলেই ম্যাচের ফয়সালা করেন, ফলে জয় দিয়ে কমনওয়েলথ গেমসে ভারতের অভিযান শুরু হল।