পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ফের বিস্ফোরক গিলেসপি- হাজার হাজার ডলার এখনও বাকি

Photo: X

কয়েক দিন আগেই পাকিস্তানের নির্বাচকদের সিদ্ধান্ত বদলানোকে তাদের প্যান্ট বদলানোর সঙ্গে তুলনা করে হইচই ফেলে দিয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। এ বার আরো মারাত্মক অভিযোগ আনলেন তিনি, যা নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া।

সে দেশের প্রাক্তন টেস্ট কোচ জেসন গিলেসপির দাবি, দায়িত্ব ছাড়ার সময় তাঁর হাজার হাজার ডলার বকেয়া পারিশ্রমিক মেটায়নি পিসিবি। শুধু টাকা নয়, পাকিস্তান ক্রিকেটের অন্দরে তাঁকে অসম্মান করা এবং তাঁর দায়িত্ব ক্রমশ কেড়ে নেওয়ার অভিযোগও তুলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার।

২০২৪ সালে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন গিলেসপি। কিন্তু সেই সময়েই পাকিস্তান ক্রিকেটে শুরু হয় একের পর এক প্রশাসনিক পরিবর্তন। গিলেসপির মতে, আকিব জাভেদ প্রধান নির্বাচক হওয়ার পর পরিস্থিতি আমূল বদলে যায়।


এক সাক্ষাৎকারে গিলেসপি বলেন, ‘আকিবকে নিয়োগ করার পর পরিস্থিতিটাই বদলে গেল। সেই মুহূর্ত থেকে পাকিস্তান ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক পুরোপুরি পাল্টে যায়। আকিব এসে সব কিছু নিজের হাতে নিয়ে নিয়েছিল। আমার মনে হচ্ছিল, সব কিছুতেই যেন ও-ই সিদ্ধান্ত নিচ্ছে’।

শুরুতে টেস্ট দলের পাশাপাশি ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের দেখভাল করা ও নির্বাচনী প্রক্রিয়াতেও ভূমিকা ছিল গিলেসপির। কিন্তু ধীরে ধীরে সেই ক্ষমতা তাঁর হাত থেকে কেড়ে নেওয়া হয়। তাঁর কথায়, ‘আমি টেস্ট দলের দায়িত্বে ছিলাম, ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের দেখতাম, দল নির্বাচনের ক্ষেত্রেও আমার ভূমিকা ছিল। কিন্তু একটা সময় এমন হল, যে কোনও বিষয়েই আমার আর কোনও ভূমিকা রইল না’।

এই পরিস্থিতি যে তাঁকে মানসিক ভাবে কতটা ধাক্কা দিয়েছিল, সেটিও জানিয়েছেন গিলেসপি। ‘পুরো অভিজ্ঞতাটাই আমাকে ভিতর থেকে ভেঙে চুরমার করে দিয়েছিল এবং কোচিং থেকে দূরে সরিয়ে দিয়েছিল। মানসিক ভাবে এর প্রভাব পড়েছিল আমার ওপর। নিজেকে নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল—আমি আদৌ আর এই খেলাটার সঙ্গে থাকতে চাই কি না’।

এর পরেই আসে তাঁর বিস্ফোরক আর্থিক অভিযোগ। গিলেসপির দাবি, ‘পিসিবি এখনও আমার হাজার হাজার ডলার পাওনা রেখেছে। কিন্তু আমি কখনও কারও কথায় শুধু ‘হ্যাঁ’ বলার মানুষ ছিলাম না। নিজের নীতির সঙ্গে আপস করিনি, এখনও করব না’।

তিনি আরও বলেন, ‘আমি চুপ করে থাকতে পারতাম, সব কথায় সম্মতি জানাতে পারতাম এবং নিজের বেতন নিয়ে বাড়ি ফিরে যেতে পারতাম। কিন্তু সেটা আমার স্বভাব নয়। আমার মনে হয়েছিল, কয়েক মাসের মধ্যেই হয়তো আমাকে বরখাস্ত করা হবে’।

আকিব জাভেদের বিরুদ্ধেও সরাসরি মুখ খুলেছেন গিলেসপি। তাঁর অভিযোগ, পিছন থেকে তাঁকে সরানোর চেষ্টা করা হয়েছিল। ‘আমি জানতাম আকিব পিছন থেকে আমার বিরুদ্ধে কথা বলছে। পাকিস্তান ক্রিকেটের কয়েক জন মানুষও আমাকে বলেছিলেন যে আকিব আমার পিছনে নানা কথা বলছে। আমাকে সম্পূর্ণ অসম্মান করা হয়েছিল এবং আমার দায়িত্বও খর্ব করা হয়েছিল। আকিবের সঙ্গে কোনও সহযোগিতার পরিবেশ ছিল না। ওর কথাই শেষ কথা—‘আমার পথ, নয়তো অন্য পথ’।’

পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়েও হতাশ গিলেসপি। তাঁর দাবি, “আমি ওদের সমস্যার কারণটা জানি—আকিব জাভেদ। যত দিন ও সেখানে থাকবে, পাকিস্তান ক্রিকেট তত পিছিয়ে যাবে। সঠিক কোচকে দায়িত্ব দিন, তাঁকে সময় দিন। পরিস্থিতি একটু শান্ত হতে দিন। তার পর কোচকে অধিনায়ক বেছে নেওয়ার ক্ষমতা দিন। এ ভাবেই পাকিস্তান ক্রিকেটকে নতুন করে গড়ে তুলতে হবে। কারণ এখন যে ভাবে চলছে, তাতে কোথাও পৌঁছনো সম্ভব নয়’। গিলেসপির এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে প্রশ্নের মুখে পড়ল পিসিবির প্রশাসনের স্বচ্ছতা।