বিশ্বকাপে ইতিহাস গড়লেন নাগাতোমো, প্রথম এশীয় ফুটবলার হিসেবে গড়লেন বিরল কীর্তি

জাপানের অভিজ্ঞ ডিফেন্ডার ইউতো নাগাতোমো বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেললেন। সুইডেনের বিরুদ্ধে বিশ্বকাপের গ্রুপ এফ-এর ম্যাচে মাঠে নেমে তিনি প্রথম এশীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপ আসরে খেলার অনন্য নজির গড়েছেন।

৩৯ বছর বয়সী নাগাতোমো এর আগে ২০১০-এ দক্ষিণ আফ্রিকা, ২০১৪-য় ব্রাজিল, ২০১৮-য় রাশিয়া, ২০২২ কাতার এবং এবারের বিশ্বকাপে জাপানের প্রতিনিধিত্ব করলেন। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে খেলে যাওয়ার এই কৃতিত্ব তাঁকে এশিয়ার ফুটবল ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শুধু এশিয়াতেই নয়, এই ম্যাচে নাগাতোমো বিশ্ব ফুটবলের ইতিহাসে মাত্র দশম ফুটবলার হিসেবে পাঁচ বা তার বেশি বিশ্বকাপ আসরে খেলার বিরল রেকর্ডও গড়েছেন। এই তালিকায় রয়েছেন লিওনেল মেসি (৬টি বিশ্বকাপ), ক্রিশ্চিয়ানো রোনাল্ডে (৬), লুকা মদ্রিচ, লুই সুয়ারেজ, মানুয়েল নয়্যার, লোথার ম্যাথাউজ, আন্দ্রে গার্দাদো, রাফায়েল মার্কেজ এবং আন্তোনিও কার্বাজাল।


নাগাতোমোর ঐতিহাসিক কীর্তির দিনেই সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে জাপান। এই ফলেই দুই দলই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে। জাপানের ফুটবল ইতিহাসে নাগাতোমো দীর্ঘদিন ধরেই অন্যতম নির্ভরযোগ্য নাম। আর পাঁচটি বিশ্বকাপ খেলার এই অনন্য কৃতিত্ব তাঁর আন্তর্জাতিক কেরিয়ারকে আরও গৌরবময় করে তুলল। একই সঙ্গে এশিয়ার ফুটবলারদের জন্যও তিনি স্থাপন করলেন এক নতুন মাইলফলক।