জাপান-ম্যাচকে ফাইনালের মতো গুরুত্ব দিচ্ছেন আনসেলোত্তি, আরো বেশিক্ষণ খেলতে পারেন নেইমার

নেইমার-ভক্তদের হতাশ হওয়ার দিন বোধহয় শেষ হতে চলেছে। কারণ, নেইমারকে নিয়ে এ বার খুশির খবরই দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি।বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোটের কারণে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। নকআউট পর্বে নেইমারকে আরও বড় ভূমিকায় দেখা যেতে পারে।

জাপানের বিরুদ্ধে ৩২ দলের রাউন্ডের ম্যাচের আগে এমনই ইঙ্গিত দিলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনসেলোত্তি।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনসেলোত্তি জানান, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে শেষ দিকে বদলি হিসেবে নেমেছিলেন ৩৪ বছর বয়সি এই তারকা।

এবার তিনি আরও বেশি সময় মাঠে থাকার মতো অবস্থায় রয়েছেন।ব্রাজিল কোচ বলেন, “গত এক সপ্তাহে ওর সত্যিই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দুর্ভাগ্যবশত এর আগে ও ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। কিন্তু এখন ওর শারীরিক অবস্থা অনেক ভালো। ও এখন আরও বেশি সময় মাঠে খেলতে পারবে।”


ভারতীয় সময়ে সোমবার রাতে সাড়ে দশটায় হিউস্টনে জাপানের বিরুদ্ধে মাঠে নামবে আনসেলোত্তির দল। এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক ব্রাজিল কোচ। তাঁর মতে, প্রতিপক্ষকে কোনওভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আসন্ন ম্যাচের এই প্রসঙ্গে তিনি বলেন, ‘জাপান বিশ্বের অন্যতম সেরা দল। এটা আমরা বুঝে নিয়েছি। আমরা তাদের যথেষ্ট সম্মান করি। ম্যাচটার জন্য আমরা ঠিক ফাইনালের মতোই প্রস্তুতি নেব, কারণ আমাদের কাছে এটাও একটা ফাইনাল।’

নকআউট পর্বে মানসিক দৃঢ়তার গুরুত্বও তুলে ধরেন আনসেলোত্তি। তিনি বলেন, ‘এই ধরনের ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকার—সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’

স্কটল্যান্ডের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল এবার জাপানকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করতে চাইছে। আর সেই লক্ষ্যে নেইমারের ফিট হয়ে ওঠা সেলিসাও শিবিরের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।