৩২ বছরের অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের মাটিতে রাহুল-যশস্বীর জোড়া হাফ সেঞ্চুরি, ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু ভারতের

India-New Zealand Test Match Photo-SNS

কিউয়িদের প্রথম ইনিংস ৩৬৮ রানে শেষ হওয়ার পরে অনেকেই হয়তো ভেবেছিলেন ভারত চাপে পড়ে যাবে। বড় রান তাড়া করে পাল্টা বড় ইনিংস গড়ার মতো ব্যাটার কোথায় ভারতের?

কিন্তু যারা এই প্রশ্ন তুলেছিল, ব্যাট হাতে নেমে তাদের পাল্টা জবাব দিলেন যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল। যশস্বীর ৮৫ এবং লোকেশ রাহুলের অপরাজিত হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের শেষে কিছুটা স্বস্তিতে শুভমান গিলের ভারত।

নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় ওপেনারদের শেষ শতরানের পার্টনারশিপ এসেছিল ৩২ বছর আগে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন যশস্বী ও রাহুল। প্রথম ইনিংসে কিউয়িদের ৩৬৮ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারত এক উইকেটে ১৫৯। যদিও এখনও লড়াই অনেক বাকি। কারণ, ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও ২০৯ রানে পিছিয়ে ভারত। শনিবার কিউয়ি বোলারদের সামলানোটাই হতে চলেছে এই টেস্টে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন অধ্যায়। এই পরীক্ষায় উতরে গেলে ভারত এই টেস্টে লড়াইয়ে টিকে থাকতে পারবে বলেই মনে হয়।


শুক্রবার দিনের শুরুতে ৫ উইকেটে ২৪৩ রান নিয়ে খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপস ভারতীয় বোলারদের আরও এক বার হতাশ করেন। ষষ্ঠ উইকেটে তাঁদের ২১৬ রানের জুটি ম্যাচের ছবিটাই বদলে দেয়।

নিকোলস করেন ১৭৫ রান। ফিলিপসের ব্যাট থেকে আসে ১১৮ রান। শেষ পর্যন্ত ৩৬৮ রানে শেষ হয় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের হয়ে চার উইকেট নেন জসপ্রীত বুমরা। আকাশ দীপের শিকার তিন উইকেট। অংশুল কম্বোজ পান দু’টি উইকেট।

ফিলিপসের শতরান অবশ্য ব্যক্তিগত কৃতিত্বের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০২৬-এ ভারতের বিরুদ্ধে টেস্ট, এক দিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি— তিন ফরম্যাটেই শতরান করলেন তিনি। একই বছরে একই প্রতিপক্ষের বিরুদ্ধে তিন ফরম্যাটেই সেঞ্চুরির নজির ছিল রোহিত শর্মার। এ বার সেই বিরল কৃতিত্বের তালিকায় যোগ দিলেন ফিলিপসও।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই সহজ হয়নি ভারতের। ম্যাট হেনরি এবং কাইল জেমিসনের সুইং সামলাতে প্রথম ২৬টি বল পর্যন্ত অপেক্ষা করতে হয় ভারতীয় ওপেনারদের। তবে ক্রমশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন যশস্বী ও রাহুল।

আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত যশস্বী এ দিন বেশ সংযমী ছিলেন। অফ স্টাম্পের বাইরের বল তাড়া না করে অপেক্ষা করেছেন নিজের পছন্দের বলের জন্য। অন্য দিকে রাহুল শুরু থেকেই ধৈর্য ধরে উইকেট আগলে রাখেন।

 

দু’জনের ব্যাটিংয়ের ধরন আলাদা হলেও লক্ষ্য ছিল এক। ধীরে ধীরে নিউজিল্যান্ডের বোলারদের উপর চাপ বাড়াতে থাকেন তাঁরা। রাহুল ৯৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। যশস্বীও দুরন্ত স্ট্রেট ড্রাইভে পৌঁছে যান পঞ্চাশে।

এর পরেই তৈরি হয় ইতিহাস। ১৯৯৪-এর মার্চে হ্যামিল্টনে নভজ্যোৎ সিং সিধু ও নয়ন মোঙ্গিয়ার পর নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম টেস্টে ভারতের কোনো ওপেনিং জুটি গড়ল ভারত। শুরুতেই দলকে ১৩০ রান এনে দেন রাহুল ও যশস্বী।

তবে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই ফিরতে হল যশস্বীকে। ম্যাট হেনরির বলে স্টাম্পের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ৮৯ বলে ৮৫ রান করেন বাঁহাতি ওপেনার। তাঁর ইনিংসে ছিল বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট।

যশস্বী ফিরলেও অন্য প্রান্তে অবিচল ছিলেন রাহুল। দিনের শেষে ৯৯ বলে ৫২ রানে অপরাজিত তিনি। অন্য ক্রিজে দেবদত্ত পাড়িক্কল অপরাজিত রয়েছেন ১৬ রানে। শনিবার সকালে এই দুই ব্যাটারকেই কঠিন লড়াই করতে হবে হেনরি-জেমিসনদের বিরুদ্ধে। সকালে উইকেটের তরতাজা ভাবা, পরিবেশের আর্দ্রতা ও উইকেটে জমে থাকা শিশিরের সাহায্য নিয়ে কী ভাবে আগুন ধরাতে হয়, তা খুব ভাল করেই জানেন কিউয়ি পেসাররা। তাঁদের সেই আগ্রাসী আক্রমণ সামলাতে না পারলে ভারতের কপালে দুঃখ আছে।

দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩৯ ওভারে ১ উইকেটে ১৫৯। নিউজিল্যান্ডের চেয়ে এখনও ২০৯ রানে পিছিয়ে ভারত। তবে প্রথম ইনিংসে কিউয়িদের বড় রানের জবাবে ওপেনারদের এই লড়াই কিছুটা স্বস্তি দিয়েছে ভারতীয় শিবিরকে। তৃতীয় দিন সকালে রাহুল ও পাড়িক্কলের জুটি কত দূর এগোয়, তার উপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৩৬৮ (হেনরি নিকোলস ১৭৫*, গ্লেন ফিলিপস ১১৮; জসপ্রীত বুমরা ৪/৯২, আকাশ দীপ ৩/৫৩)। জবাবে ভারত ১৫৯/১ (যশস্বী জয়সওয়াল ৮৫, লোকেশ রাহুল ৫২*; ম্যাট হেনরি ১/৪৩)। ভারতের চেয়ে ২০৯ রানে এগিয়ে নিউজিল্যান্ড।