কল্যাণী স্টেডিয়ামে প্রথম ম্যাচে গত দু’বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। সদ্য, এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের নক আউটের যোগ্যতা অর্জন করেছেন ফাজিলা ইকওয়াপুট, সুলঞ্জনা রাউল’রা। আর এবার আইডব্লিউএল জয়ের হ্যাটট্রিক করাই তাঁদের লক্ষ্য।
পরপর ম্যাচ খেলায় দলের খেলোয়াড়দের মধ্যে যে ক্লান্তি রয়েছে, তা ভালোই জানেন লাল-হলুদ কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজ। তাই, প্রথম ম্যাচে নামার আগে কিছুটা হলেও সতর্ক তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন, এ বারও খেতাব ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে তাঁর দল। যদিও, আপাতত খেতাবের অঙ্ক নয়, প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু করতে চাইছেন তিনি।
মহিলা ফুটবলে কোচ হিসাবে চার বার লিগ জিতেছেন অ্যান্টনি। তাঁর মতে, ধারাবাহিক সাফল্যের জন্য দলের মধ্যে জয়ের মানসিকতা ধরে রাখা জরুরি। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি জিততে ভালবাসি। খেতাব জেতার খিদে আমার মধ্যে সব সময় রয়েছে। দলের মধ্যে যে মানসিকতা তৈরি করেছি, সেটাই ধরে রাখতে চাই। প্রতিটি ম্যাচের পিছনে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এ বারও খেতাব ধরে রাখার জন্য আমরা সর্বস্ব দেব। মাঠে আমাদের টাফ ফুটবল দেখতে পাবেন।’
তবে মহিলা ফুটবলের উন্নতির জন্য মেয়েদের জাতীয় লিগে ম্যাচের সংখ্যা বাড়ানো জরুরি বলে মনে করেন তিনি। ইস্টবেঙ্গলের পাশাপাশি ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দলের সহকারী কোচের দায়িত্বেও রয়েছেন অ্যান্টনি। তাঁর মতে, ১৩-১৪টি ম্যাচ খেলে জাতীয় দলের জন্য পর্যাপ্ত প্রস্তুতি হয় না। তিনি বলেন, ‘শুধু ১৩-১৪টি ম্যাচ খেললে কোনও ফুটবলার উন্নতি করতে পারে না। আরও বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ দরকার। আটটি দল থাকলেও প্রত্যেকের মধ্যে তিন-চার বার খেলার ব্যবস্থা করা সম্ভব। তাতে জাতীয় দলও উপকৃত হবে।’
প্রতিযোগিতার নতুন নিয়ম অনুযায়ী , তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। কলকাতা এবং জামশেদপুরের পাশাপাশি বেঙ্গালুরুতেও হবে এবারের আইডব্লিউএলের ম্যাচ। যা নিয়ে বেশ উচ্ছসিত অ্যান্টনি। জানান, প্রতিযোগিতার ফরম্যাট এবং সময়সূচিতে কিছুটা হলেও উপকৃত হবে দলগুলি। যদিও, প্রথমপর্বে ঘরের মাঠের সুবিধার কথা মানতে রাজি নন লাল-হলুদ কোচ।
বিষয়টি নিয়ে অ্যান্টনি বলেন, ‘ঘরের মাঠের সুবিধা তখনই পাওয়া যায়, যখন মাঠে আমরা পূর্ণ সমর্থন পাব।’
অন্য দিকে, গত মরসুমে তৃতীয় হওয়া কিকস্টার্ট এফসি-ও এ বার খেতাবের দাবিদার।
কিকস্টার্ট দলের ম্যানেজমেন্টের প্রতিনিধি শীলা জানিয়েছেন, এ বার পূর্ণ প্রস্তুতির সুযোগ পেয়েছেন তাঁরা। গত মরসুমে শেষ ম্যাচে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে হারানো নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে।
এদিকে, কিকস্টার্টের অধিনায়কের লক্ষ্যও স্পষ্ট, প্রথম ম্যাচ থেকেই জিততে চান তাঁরা। গত বারের রানার্স সেতু এফসিও এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে নামছে। ফলে নতুন মরসুমে লড়াই জমজমাট হওয়ার অপেক্ষা।