ইতালির নতুন সম্রাট ইয়ানিক সিনার

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইতালিয়ান ওপেন জিতে ইতিহাসের নতুন অধ্যায় রচনা করলেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। রবিবার রোমের ফোরো ইতালিকোতে ফাইনালে ক্যাস্পার রুডকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে খেতাব জিতে নিলেন তিনি। পাশাপাশি সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ‘কেরিয়ার গোল্ডেন মাস্টার্স’ সম্পূর্ণ করার নজির গড়লেন ২৩ বছরের এই ইতালীয় তারকা। এদিনের এই জয়ের ফলে এটিপি মাস্টার্সের ন’টি বড় প্রতিযোগিতাই জিতে ফেললেন সিনার। পাশাপাশি চলতি মরসুমে ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ওপেন, মন্টে কার্লো, মাদ্রিদ ওপেনের পর রোম জিতে এক সিজনে প্রথম পাঁচটি মাস্টার্স জয়ের বিরল রেকর্ডও গড়লেন তিনি।

রোমের সিনারের এই সাফল্য ইতালির টেনিস ইতিহাসেও বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৭৬ সালে আদ্রিয়ানো পানাত্তার পর এই প্রথম কোনও ইতালীয় পুরুষ খেলোয়াড় ঘরের মাটিতে ইতালিয়ান ওপেন জিতলেন। ম্যাচ জিতে স্বাভাবিকভাবেই নিজের আবেগ চেপে রাখতে পারেননি সিনার। জানান, দীর্ঘ ৫০ বছর পর এই ট্রফি ফের একবার ইতালিতে ফিরল, এটা ভাবতেই তাঁর অবিশ্বাস্য লাগছে। ফোরো ইতালিকো জেতার ফলে ক্লে-কোর্টে একই মরসুমে মন্টে কার্লো, মাদ্রিদ ও রোম এই তিনটি মাস্টার্স জেতা দ্বিতীয় খেলোয়াড় হলেন সিনার। এর আগে ২০১০ সালে এই কীর্তি গড়েছিলেন রাফায়েল নাদাল। এদিন কিংবদন্তি এই তারকাকে ছুঁয়ে ফেললেন তিনি।

ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চালাতে থাকেন সিনার ও ক্যাস্পার রুড। ফাইনালের প্রথম সেটে একটা সময়ে ৪-৪ পর্যন্ত লড়াই জমলেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক পয়েন্ট নিয়ে এগিয়ে যান সিনার। এরপর দ্বিতীয় সেটের শুরু থেকেই আগ্রাসী টেনিস খেলতে থাকেন তিনি। রুডের ব্যাকহ্যান্ড লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ চালিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখেন ইতালির এই তারকা। তবে, জয়ে পেতে শেষ গেম পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। অন্তিম গেমে অনায়াসে সার্ভ ধরে ম্যাচ জিততেই রোমের গ্যালারি দাঁড়িয়ে অভিনন্দন জানায় ইতালির এই নতুন সম্রাটকে।