তারকারাই দলকে এগিয়ে দেয়, স্পষ্ট বার্তা দ্রাবিড়ের

ভারতীয় ক্রিকেটে ‘তারকা সংস্কৃতি’ নিয়ে যখন নানা বিতর্ক চলছে, তখনই জাতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিলেন, বড় ক্রিকেটার ছাড়া কোনও খেলাই এগোতে পারে না। বর্তমান কোচ গৌতম গম্ভীর যেখানে দলকে ব্যক্তির ঊর্ধ্বে রাখার কথা বলেন, সেখানে দ্রাবিড়ের মতে, ব্যক্তিগত সাফল্যই অনেক সময় দলের সাফল্যের ভিত গড়ে দেয়।

সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। গম্ভীরের কোচিংয়ে ২০২৪ সালে নিউজিল্যান্ড এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে লজ্জার হারের মুখ দেখতে হয়েছে ভারতকে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ড্র কিছুটা হলেও স্বস্তি দিয়েছে গম্ভীরের দলকে। একটা সময় টানা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ভারত ২০২৫ সালে সেই জায়গাও হারিয়েছে।

এই পরিস্থিতিতে দ্রাবিড় মনে করেন, বড় তারকার অভাব ভারতীয় দলে স্পষ্ট। তাঁর কথায়, ভালো না খেললে কেউ মানুষের মনে জায়গা করতে পারে না। ভারতে যে ক্রিকেটার বড় তারকা হয়, সে মাঠে অসাধারণ কিছু করেছে বলেই তাঁর সেই জায়গাটা তৈরি হয়েছে।


সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরকে বড় ধাক্কা বলেও উল্লেখ করেছেন দ্রাবিড়। তাঁর মতে, ভারতীয় দলে এই ক্রিকেটারদের শূন্যস্থান পূরণ হওয়া একেবারেই সহজ নয়। তবে তিনি আশাবাদী, নতুন প্রজন্ম ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করবে এবং ভারতীয় দল আবারও টেস্ট ক্রিকেটে শক্তিশালী হয়ে উঠবে। দ্রাবিড়ের মতে, লাল বলের ক্রিকেট সবচেয়ে কঠিন। পাশাপাশি বর্তমানে খেলোয়াড়দের এত ক্রিকেট খেলতে হয়, যে তাঁদের জন্য ভারসাম্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়।