ভারতীয় ফুটবলে বদলের হাওয়া। নতুন ক্লাব-নির্ভর কাঠামোয় এ বার ইন্ডিয়ান সুপার লিগের (ISL) সিইও হিসাবে দায়িত্ব নিলেন করণ যাদব। সোমবার তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছে আইএসএল। দীর্ঘ দিন JSW Sports-এর চিফ কমার্শিয়াল অফিসার হিসাবে কাজ করা করণের হাতে এ বার লিগের কৌশলগত, বাণিজ্যিক এবং সাংগঠনিক দায়িত্ব।
নতুন কাঠামোয় ক্লাবগুলির ভূমিকা ও গুরুত্ব আরও বাড়ছে। আইএসএলের বাণিজ্যিক স্বত্ব থাকবে ক্লাবগুলির হাতে। অন্য দিকে প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ পরিচালনগত বিষয়গুলির নজরদারি থাকবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের হাতে। ক্লাব, সম্প্রচারকারী সংস্থা, স্পনসর এবং সমর্থকদের মধ্যে সমন্বয় স্থাপনই হবে নতুন সিইও-র অন্যতম বড় দায়িত্ব।
করণ এর আগে JSW Sports-এর চিফ কমার্শিয়াল অফিসার ছিলেন। খেলাধুলা, মিডিয়া, মার্কেটিং, স্পনসরশিপ এবং স্পোর্টস রাইটস— বিভিন্ন ক্ষেত্রে প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০১০-এ ফুটবল নিয়ে তাঁর কর্মজীবন শুরু। সেই সময় তিনি একটি ফুটবল ওয়েবসাইট তৈরি করেছিলেন। পরে Wavemaker এবং ACKO-র মতো সংস্থাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। JSW Sports-এ থাকাকালীন ৩০০ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ক্রীড়া ব্যবসার দায়িত্বে ছিলেন তিনি। অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়ার বাণিজ্যিক কৌশল তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
নতুন দায়িত্ব পেয়ে করণ বলেছেন, ‘আইএসএল একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এই লিগের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ পেয়ে আমি উত্তেজিত। ক্লাব-নির্ভর এই কাঠামো আমাদের ক্লাব এবং আইএসএলের ম্যানেজিং কমিটির সঙ্গে কাজ করার জন্য শক্তিশালী ভিত তৈরি করেছে। ভারতীয় ফুটবল এবং লিগ— দুইয়ের জন্যই আমাদের একই লক্ষ্য রয়েছে’।
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হবে লিগের বাণিজ্যিক ও সম্প্রচার সংক্রান্ত কাঠামো আরও শক্তিশালী করা। সমর্থকদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে হবে এবং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে ক্লাবগুলি দীর্ঘমেয়াদে উন্নতি করতে পারে’।
গত মরসুমে আইএসএলের সফর থমকে গিয়েছিল এফএসডিএলের সঙ্গে মাস্টার রাইটস চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে। ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হস্তক্ষেপে লিগ ফের শুরু হয়। কিন্তু তা হয়েছিল ছোট ফরম্যাটে। সেই টালমাটাল পরিস্থিতির পর এ বার নতুন কাঠামো, নতুন সিইও এবং ক্লাবগুলির হাতে বেশি বাণিজ্যিক ক্ষমতা নিয়ে আইএসএল নতুন পথে হাঁটতে চলেছে।
নতুন মরসুম শুরু হওয়ার কথা ১০ অক্টোবর। তার আগেই করণ যাদবের নিয়োগে ইঙ্গিত, ভারতীয় ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগকে এ বার আরও পেশাদার এবং ক্লাব-কেন্দ্রিক কাঠামোয় এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।