অভিষেক শর্মাকে সরিয়ে টি-২০ আন্তর্জাতিক ব্যাটারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন ঈশান কিষাণ। তিনি ভারতের চতুর্থ ব্যাটার, যিনি টি-২০ আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা পেলেন।
উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ রীতিমতো ঝড়ের বেগে এক নম্বরে উঠে আসেন। দুবছরেরও বেশি সময় পরে চলতি বছরের জানুয়ারিতে তিনি ভারতের টি-২০ আন্তর্জাতিক দলে ফিরে আসেন। এর পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৬ ও ১০৩ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপগামী ভারতীয় দলে জায়গা করে নেন। টুর্নামেন্টে ৩১৭ রান করে তিনি চতুর্থ সর্বোচ্চ স্কোরার ছিলেন এবং ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ।
ঈশান কিষাণের আগে ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছতে পেরেছিলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা। তার পরে ইশানই হলেন চতুর্থ ভারতীয় ব্যাটার।
টি-২০ আন্তর্জাতিক অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন শিবম দুবে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে ব্যাট ও বল—দুই বিভাগেই ভাল খেলার পুরস্কার হিসেবে এই উন্নতি হয়েছে তাঁর। যদিও ভারত সিরিজটি ২-০ ব্যবধানে হারে, তবু দুবে দুটি ম্যাচে ৪৫ রান করার পাশাপাশি তিনটি উইকেট নেন। তাঁর বোলিং গড় ছিল ১৪.৩৩ এবং ইকোনমি রেট ছিল মাত্র ৭.১৬।
অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারায় জো রুট দুই ধাপ নেমে তিন নম্বরে চলে গেলেন। সেই সুযোগে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন ট্রাভিস হেড।টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২৮.৫০ গড়ে মাত্র ১৭১ রান করায় দুই ধাপ নেমে গেছেন জো রুট। অন্যদিকে, ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৮ রান করা হ্যারি ব্রুক দুই নম্বর স্থান ধরে রেখেছেন। তিনি এখন শীর্ষে থাকা ট্র্যাভিস হেডের থেকে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে রয়েছেন। সদ্য অবসর নেওয়া বেন স্টোকস টেস্ট অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় সেরা হিসেবে ক্রিকেট জীবন শেষ করলেন।