কানাডার দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা! নিউ জার্সির বাতাসের মান নিয়ে উদ্বেগ

Photo: Representational Image

বিশ্বকাপ ফাইনালের আগে হঠাৎই নতুন দুশ্চিন্তায় ফিফা। মাঠের লড়াই আর্জেন্টিনা বনাম স্পেনের হলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে কানাডার ভয়াবহ দাবানল। সেই আগুনের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় নিউ জার্সির বাতাসের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে— রবিবারের বিশ্বকাপ ফাইনালে কি কোনওভাবে এর প্রভাব পড়তে পারে?

কানাডার একাধিক প্রদেশে কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানল জ্বলছে। সেই ধোঁয়া বায়ুমণ্ডলের উপরের স্তর দিয়ে ভেসে এসে নিউ ইয়র্ক ও নিউ জার্সি-সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। আবহাওয়াবিদদের মতে, পরিস্থিতির উপর নির্ভর করে বায়ুর গুণমান (Air Quality Index বা AQI) দ্রুত খারাপ হতে পারে। ফলে দীর্ঘ সময় বাইরে থাকা খেলোয়াড়, দর্শক এবং কর্মীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্বকাপ ফাইনাল হওয়ার কথা নিউ ইয়র্ক-নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। প্রায় ৮০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত থাকার কথা সেখানে। তবে শুক্রবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ফাইনাল স্থগিত বা সূচি পরিবর্তনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফিফা এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।


বিশেষজ্ঞদের মতে, বাতাসে সূক্ষ্ম ধূলিকণা বা PM2.5-এর মাত্রা বেড়ে গেলে শ্বাসকষ্ট, চোখ জ্বালা এবং ফুসফুসের সমস্যার ঝুঁকি বাড়ে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে চরম শারীরিক পরিশ্রম করেন, তাদের ক্ষেত্রে এর প্রভাব আরও বেশি হতে পারে। ফুটবলারদের জন্য তো অবশ্যই সেটি উদ্বেগের কারণ।

মার্কিন পরিবেশ সংস্থাগুলি নিয়মিতভাবে বায়ুর মান পর্যবেক্ষণ করছে। যদি AQI বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়, তা হলে আয়োজকদের সামনে কিছু বিকল্প ব্যবস্থা বিবেচনা করার প্রয়োজন হতে পারে। যদিও আবহাওয়াবিদদের একাংশের আশা, বাতাসের গতিপথ পরিবর্তন হলে ধোঁয়ার ঘনত্ব কমে যেতে পারে এবং ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বড় কোনও সমস্যা হবে না।

সাম্প্রতিক বছরগুলিতে উত্তর আমেরিকায় দাবানলের প্রভাব ক্রমশ বাড়ছে। ২০২৩ এবং ২০২৪ সালেও কানাডার দাবানলের ধোঁয়ায় নিউ ইয়র্ক শহরের আকাশ কমলা রঙ ধারণ করেছিল এবং বায়ুর মান খুব বিপজ্জনক স্তরে চলে গিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারও প্রশাসন অতিরিক্ত সতর্ক।

বাতাসের মান অত্যন্ত খারাপ হওয়ায় সম্প্রতি মেজর লিগ সকার (MLS)-এ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও শিকাগো ফায়ার-এর ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা। শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল ম্যাচটি। শুধু ম্যাচই নয়, খেলা শেষে নির্ধারিত সঙ্গীতানুষ্ঠানও বাতিল করা হয়। প্রায় ৪০ হাজার দর্শক উপস্থিত থাকার কথা ছিল ওই ম্যাচে। নতুন সূচি অনুযায়ী, ম্যাচটি ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন আকাশের প্রভাব পড়েছে মহিলাদের ফুটবলেও। যুক্তরাষ্ট্রের মহিলা জাতীয় দলের তারকা ফুটবলার ট্রিনিটি রডম্যান বুধবার রাতে ওয়াশিংটন স্পিরিট ও গথাম এফসি-র এনডব্লিউএসএল (NWSL) ম্যাচের পর সেই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরেন। নিউ ইয়র্কের সিটি ফিল্ডে অনুষ্ঠিত ওই ম্যাচে খেলার সময় দূষিত বাতাসের কারণে ফুটবলারদের যে প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে, তাও জানান তিনি।

তবে আপাতত বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত সময়েই হওয়ার কথা। আর্জেন্টিনা ও স্পেনের মহারণ ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মাঝেই এখন আরেকটি প্রশ্নও ঘুরপাক খাচ্ছে—প্রকৃতি কি শেষ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের উপর কোনও ছায়া ফেলবে, নাকি রবিবার সব আশঙ্কা দূরে সরিয়ে স্বাভাবিকভাবেই গড়াবে বিশ্বকাপের ফাইনাল?