বৈভবের ঝোড়ো ২০৪ দেখে গেইল ভেবেছিলেন টি-টোয়েন্টি ম্যাচ! কী বললেন ‘ইউনিভার্স বস’?

Photo: Representational Image

বৈভব সূর্যবংশীর ব্যাটে ঝড় উঠেছিল দোহায়। ৫৩ বলে ২০৪ রান! ২৮টি ছক্কা এবং সাতটি চার মেরে ক্রিকেটবিশ্বকে কার্যত স্তব্ধ করে দিয়েছেন ১৫ বছরের ভারতীয় বিস্ময়। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে তাঁর এই বিধ্বংসী ইনিংস নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও। অবাক হয়ে গিয়েছেন স্বয়ং ক্রিস গেইল, যিনি একসময় ব্যাটে এইরকম ঝড় তোলার জন্য বিখ্যাত ছিলেন। ‘ইউনিভার্স বস’ নিজেই স্বীকার করেছেন, বৈভবের ইনিংসের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি।

ক্রিকেটে ছক্কা মারার ক্ষমতার জন্য বিখ্যাত গেইল। তাঁর নামের পাশে রয়েছে অসংখ্য রেকর্ড। সেই গেইলও বৈভবের ব্যাটিং দেখে বিস্মিত। ক্রিকেট সংস্থা CREX-কে দেওয়া সাক্ষাৎকারে গেইল বলেন, ‘অসাধারণ! ২৮টা ছক্কা! আমার ফোন ক্রমাগত বেজে যাচ্ছিল। আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে! যখন কেউ আমাকে বলল, ১২ ওভারের মধ্যেই একটা ছেলে দুশো করে ফেলেছে, আমি জিজ্ঞাসা করলাম, এটা কি টি-টোয়েন্টি ম্যাচ? ওরা বলল, না, এটা ৫০ ওভারের ম্যাচ। শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম।’

বৈভবের এই ইনিংস দেখে এক দিনের ক্রিকেটে ত্রিশতরানও সম্ভব বলে মনে করছেন গেইল। তাঁর কথায়, ‘এটা দেখিয়ে দিল যে, ৫০ ওভারের ক্রিকেটে তিনশো করাও এখন সম্ভব। এই ছেলে খেলাটাকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আশা করি, ও দ্রুত আরও সুযোগ পাবে। আমরা চাই না ও হারিয়ে যাক। ওর মতো প্রতিভা আরও বেশি করে দেখতে চাই।’


আরও পড়ুন: আজ ফাইনালে ওলড়াইয়ে ফের বৈভবের ব্যাটে উঠবে ঝড়? সামনে অপরাজিত শ্রীলঙ্কা, কখন কোথায় দেখবেন এই ম্যাচ?

আমিরশাহির বোলিং আক্রমণের বিরুদ্ধে এই ইনিংস এসেছে বলে বৈভবের কৃতিত্বকে ছোট করে দেখতে নারাজ ক্যারিবিয়ান কিংবদন্তি। তাঁর মতে, এমন ব্যাটিং করা মোটেই সহজ নয়।গেইল বলেন, ‘এটা করা মোটেও সহজ নয়। যে ভাবেই দেখুন না কেন, এমন ইনিংস খেলা কঠিন। এটা অবিশ্বাস্য ব্যাটিং, বল দুর্দান্ত ভাবে মারার ক্ষমতা। ওকে কৃতিত্ব দিতেই হবে।”

গেইলকে বলা হয় ‘ইউনিভার্স বস’। বৈভবের বিধ্বংসী ব্যাটিংয়ের পরে অনেকে তাঁকে ‘বেবি বস’ বলতে শুরু করেছেন। কিন্তু এই পরিচয়ে আটকে থাকুক বৈভব, তা চান না গেইল। তাঁর পরামর্শ, নিজের আলাদা পরিচয় তৈরি করতে হবে এই তরুণকে।

তিনি বলেন, ‘ওকে নিজের একটা নাম তৈরি করতে হবে। অন্য কারও পরিচয়ের সঙ্গে নিজের নাম জুড়ে দেওয়ার দরকার নেই। যেমন রোহিতের নাম ‘হিটম্যান’, এবি ডিভিলিয়ার্সের পরিচয় ‘এবি ৩৬০’ এবং আমার নাম ‘ইউনিভার্স বস’। প্রত্যেকেরই নিজের একটা পরিচয় তৈরি করা উচিত। বৈভবকেও নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে’।

আরও পড়ুন:  সিরাজ না গুরনুর, ক্রাইস্টচার্চে কাকে খেলাবে ভারত? ইঙ্গিত মিলল বোলিং কোচ মর্কেলের কথায়

‘বেবি বস’ নামটি নিয়েও মজা করেছেন গেইল। তাঁর কথায়, ‘আমার মনে হয় না ও ‘বেবি বস’ নামটা চাইবে। কারণ ও তো আরও বড় হবে। তবে ‘ইউনিভার্স’ কিন্তু ও নিতে পারবে না। ওটার মালিক আমি!’

মঙ্গলবার আমিরশাহির বিরুদ্ধে রাইজিং স্টার্স এশিয়া কাপের ম্যাচে মাত্র ২৮ বলে শতরান করেন বৈভব। ৪০ বলে দেড়শো এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরান ও দ্বিশতরানের রেকর্ড গড়েছেন এই কিশোর।

তাঁর ২৮টি ছক্কাও পেশাদার ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার নতুন নজির। বৈভবের ২০৪ রানের সৌজন্যে ২৫০ রানের লক্ষ্য মাত্র ১৪.২ ওভারে পেরিয়ে যায় ভারত ‘এ’।

আজ সামনে শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে সেমিফাইনাল। গেইলের প্রশংসা নিশ্চয়ই বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বৈভবকে। তবে ক্যারিবিয়ান কিংবদন্তির বার্তা স্পষ্ট—এই প্রতিভাকে শুধু প্রশংসায় ভরিয়ে রাখলে হবে না, আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগও দিতে হবে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=vBc9fKCIHUJJzS8-” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>