বিশ্বকাপে ‘বৈষম্যমূলক আচরণ’-এর অভিযোগ নিয়ে ফিফার দ্বারস্থ হচ্ছে ইরান

চলতি বিশ্বকাপে তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে ফিফার কাছে অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থান সংক্রান্ত কঠোর বিধিনিষেধের কারণে দলের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে দাবি করেছে তারা।

ইরানের ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র জানিয়েছেন, টুর্নামেন্টের প্রস্তুতি সূচি অনেক আগেই আয়োজকদের কাছে জমা দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও দলকে বারবার এমন বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে, যা কোচিং স্টাফের পরিকল্পনায় বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, “টুর্নামেন্টের প্রস্তুতি পরিকল্পনা আগেভাগেই জমা দেওয়ার পরও ইরান দল আবারও আয়োজকদের বিধিনিষেধের কবলে পড়ে, যা আমাদের টেকনিক্যাল স্টাফের পরিকল্পনা বাস্তবায়নে প্রভাব ফেলে।”

বর্তমানে ইরানের শিবির রয়েছে মেক্সিকোর তিজুয়ানায়। যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের জেরে ম্যাচের ২৪ ঘণ্টার বেশি আগে দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ম্যাচ শেষ হওয়ার পর দ্রুত দেশ ছাড়তেও হচ্ছে। ইরানের অভিযোগ, অন্য দলগুলোর তুলনায় এই নিয়ম তাদের জন্য অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ তৈরি করছে।


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পরই ক্ষোভ উগরে দেন ইরান কোচ আমির ঘালেনোয়ি। তাঁর অভিযোগ, প্রস্তুতির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে তাঁর দল। ঘালেনোয়ি বলেন, “আমরা এই বিশ্বকাপের সবচেয়ে অত্যাচারিত দল।”

অধিনায়ক মেহদি তারেমি আগেই অভিযোগ করেছিলেন যে, যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পর দলকে অস্বাভাবিক জটিলতা ও বিলম্বের মুখোমুখি হতে হয়েছে, যা খেলোয়াড়দের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ইরানের অভিযোগের আরেকটি কারণ হলো, বেলজিয়ামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা দু’দিন আগে লস অ্যাঞ্জেলেসে যাওয়ার অনুমতি চাইলেও সেই আবেদন নাকচ করা হয়েছে। ফলে ম্যাচের মাত্র এক দিন আগে সেখানে পৌঁছতে হবে দলকে।
তবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি দাবি করেছেন, এই ব্যবস্থাগুলো আগেই উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হয়েছিল। যদিও তিনি ভবিষ্যতে কিছু পরিবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি।

গ্রুপ ‘জি’-তে প্রথম ম্যাচের পর সব চারটি দলেরই এক পয়েন্ট করে রয়েছে। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে আগামী ম্যাচটি ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন প্রশাসনিক এই বিরোধও বিশ্বকাপে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।