আইপিএলের আগে তিন তারকাকে ঘিরে বড় জল্পনা! রাজস্থান ছাড়তে পারেন যশস্বী, ঝড় তুললেন পাটিদার, ধোনির নজরে লক্ষ্য?

আইপিএলের রিটেনশন তালিকা চূড়ান্ত হওয়ার আগে ফ্র্যাঞ্চাইজিগুলির অন্দরে শুরু হয়েছে দল গোছানোর তৎপরতা। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে আগামী মরশুমেও দেখা যেতে পারে রিয়ান পরাগকে। লন্ডনে দলের ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন তিনি। মালিকানা বদলের জল্পনার মধ্যেও পরাগের উপরেই আস্থা রাখছে রাজস্থান। আর তাতেই যশস্বী জয়সওয়ালের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। রাজস্থান ছাড়তে পারেন তরুণ ওপেনার।

প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠানের দাবি, অধিনায়কত্ব না পাওয়ায় হতাশ যশস্বী। গত মরশুমে মাত্র ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীর কাছে রান করার নিরিখে পিছিয়ে পড়াও তাঁর অসন্তোষের কারণ হতে পারে। ইরফানের মতে, যশস্বীর সম্ভাব্য গন্তব্য কলকাতা নাইট রাইডার্স অথবা লখনউ সুপার জায়ান্টস। বরুণ চক্রবর্তীর সঙ্গে যশস্বীর অদলবদল হলে কেকেআর দীর্ঘমেয়াদি নেতা পেতে পারে বলেও মনে করছেন তিনি। অন্যদিকে, স্যাম কারেন, মহম্মদ সামি ও সিদ্ধার্থকে নিয়ে লখনউয়ের সঙ্গে ট্রেডের সম্ভাবনাও খতিয়ে দেখছে রাজস্থান।

রিটেনশনের আগে পাটিদারের বিধ্বংসী ইনিংস

আইপিএলের রিটেনশনের ঠিক আগে ব্যাট হাতে নিজের জাত চেনালেন রজত পাটিদার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অসমের বিরুদ্ধে মধ্যপ্রদেশের হয়ে মাত্র ৪৮ বলে অপরাজিত ১৩৫ রান করলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি ছক্কা ও ৮টি চার। ৪১ বলে শতরান পূর্ণ করেন পাটিদার। ছক্কার নিরিখে এটি মধ্যপ্রদেশের রেকর্ড।


চোটের কারণে সম্প্রতি ভারত ‘এ’ দল থেকে নাম প্রত্যাহার করতে হয়েছিল তাঁকে। তবে টি-টোয়েন্টিতে এমন প্রত্যাবর্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জন্য নিঃসন্দেহে স্বস্তির খবর। মধ্যপ্রদেশ যখন ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে, তখন ক্রিজে এসে ম্যাচের ছবিই বদলে দেন পাটিদার। শিবাং কুমারের সঙ্গে মাত্র ৬২ বলে ১৫৩ রানের জুটি গড়েন। গোটা ইনিংসে মাত্র পাঁচটি বল ডট খেলেছেন তিনি।

ধোনির আদর্শে অনুপ্রাণিত লক্ষ্য, নজরে চেন্নাই

ওমানে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত। গ্রুপ পর্বে এই পাকিস্তানের কাছেই হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফাইনালে সেই হারের জবাব দিয়েছে জুনিয়র ব্রিগেড। দলের জয়ে বড় ভূমিকা অধিনায়ক লক্ষ্য রাইচন্দানির। ফাইনালে ৮০ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তিনি। এবার তাঁর লক্ষ্য আইপিএলে খেলা। আর স্বপ্নের দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

লক্ষ্যের খেলার ধরনেও ধোনির ছাপ খুঁজে পাচ্ছেন উত্তরাখণ্ডের কোচ মণীশ ঝা। তাঁর মতে, মাঠে পরিস্থিতি যেমনই হোক, লক্ষ্যের মধ্যে আবেগের বহিঃপ্রকাশ খুব একটা দেখা যায় না। শতরান করলেও বাড়তি উচ্ছ্বাস নেই, আবার শূন্য রানে ফিরলেও হতাশা প্রকাশ করেন না তিনি।

‘বিরাটের মতো আগুন, নাকি ধোনির মতো বরফ?’—এই প্রশ্নের উত্তরে নিজেও ধোনিকেই বেছে নিয়েছেন লক্ষ্য। মাঠে তাঁর এই ঠান্ডা মাথার পরিচয়ই ভবিষ্যতে চেন্নাই সুপার কিংসের নজর কাড়তে পারে বলে মনে করা হচ্ছে।