ফিফার সভাপতি পদে ফের নির্বাচিত হওয়ার লড়াই এ বার সহজ হচ্ছে না জিয়ানি ইনফান্তিনোর। ২০২৭ সালের মার্চে নির্বাচনে তাঁর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপান ফুটবল সংস্থার সাম্মানিক সভাপতি কোজো তাশিমা।
২০২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। এ বার প্রায় চার বছর পরে প্রথম বার তাঁকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে।
২০১৬ সাল থেকে ফিফার সভাপতি পদে রয়েছেন ৫৬ বছর বয়সি ইনফান্তিনো। আরও চার বছরের জন্য দায়িত্বে থাকতে চান তিনি। তবে তাঁর নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে বিতর্কের জেরে তাঁর পদত্যাগের দাবিও উঠেছিল। ওই প্রস্তাবে বিশ্বকাপ-সহ ফিফার বিভিন্ন বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদার করার পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত সেই উদ্যোগ ব্যর্থ হয়।
ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ
দিয়ালো সোমবারই প্রার্থীপদ ঘোষণা করেছেন। তাঁর পাশে রয়েছে উয়েফার কার্যনির্বাহী কমিটি এবং ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী সদস্য দেশগুলির সমর্থন। ২০২৩ সালে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি হন তিনি। এ বছর এফএফই বিতর্কে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের ক্ষেত্রে ফ্রান্স-সহ ইউরোপের একাধিক ফুটবল সংস্থার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিয়ালো।
তাশিমাও চলতি মাসের শুরুতে নির্বাচনে লড়ার কথা ঘোষণা করেন। বুধবার আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন জমা দিয়েছেন জাপানের ফুটবল সংস্থার এই সাম্মানিক সভাপতি।
দিয়ালোর প্রার্থীপদে সমর্থন জানিয়ে উয়েফা বলেছে, ‘ফিফা কোন পথে এগোচ্ছে, তা নিয়ে গুরুতর উদ্বেগের প্রেক্ষিতে জাতীয় ফুটবল সংস্থাগুলি বিশ্ব ফুটবল মহলে নতুন করে ঐক্য এবং আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে।’
ফেব্রুয়ারিতে চূড়ান্ত প্রার্থীতালিকা
ফিফা জানিয়েছে, জমা পড়া মনোনয়নগুলি খতিয়ে দেখার জন্য নির্বাচনী কমিটির কাছে পাঠানো হয়েছে। বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা বলেছে, ‘প্রার্থীদের মনোনয়ন পরীক্ষা এবং তাঁদের প্রার্থীপদ গ্রহণ করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচনী কমিটির কাছে পাঠানো হয়েছে’।
আরও জানানো হয়েছে, ‘প্রস্তাবিত এবং গৃহীত প্রার্থীদের নাম ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারির মধ্যে সদস্য সংস্থাগুলিকে জানিয়ে দেওয়া হবে।’
গত মাসে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুইৎজারল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার র্যামন ভেগা। তবে ফিফার প্রকাশিত প্রার্থীদের তালিকায় তাঁর নাম নেই।
২০২৭ সালের মার্চে নির্বাচন হলে ইনফান্তিনোর সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে। ২০২৩ সালে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সভাপতি হয়েছিলেন তিনি। এ বার ফ্রান্স ও জাপানের দুই প্রার্থী তাঁর পথের কাঁটা। তবে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সমর্থন এখনও তাঁর সঙ্গে রয়েছে বলেই দাবি ইনফান্তিনোর। সেই সমর্থন ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার।