শেষ আটের দরজায় কড়া নাড়ছে ভারতের মেয়েরা

সমীকরণটা ছিল খুব সহজ। কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেতে গেলে ভারতের সরাসরি লেবাননকে হারাতে হবে। কিছুদিন আগে সিনিয়র মহিলা দল বা সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব-২০ দল যা করতে পারেনি শুক্রবার সেটাই করে দেখালেন ভারতের ছোটরা। মহিলাদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপে লেবাননকে সহজেই হারিয়ে দিলেন তারা। এদিন সুজৌ তাইহু ফুটবল স্পোর্টস সেন্টারে গ্রুপ বি-র শেষ ম্যাচে প্রীতিকা বর্মন, দিব্যাণী লিন্ডা’রা জিতলেন ৪-০ গোলে। এই জয়ের ফলে শুধুমাত্র কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করাই নয়, নতুন এক নজিরও গড়ল পামেলা কন্টির দল।

২০০৫ সালের পর দীর্ঘ এগারো বছর বাদে ফের একবার অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে জয় পেল ভারত। পাশাপাশি, এশিয়ান কাপের মঞ্চে গোলের খাতাও খুলল তারা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারতীয় দল। এইসময় ম্যাচের ৭ মিনিট নাগাদ তাদেরকে এগিয়ে দেন বাংলার মেয়ে প্রীতিকা বর্মণ। রাইট-ব্যাক দিব্যাণী লিন্ডার বাড়ানো বল ধরে লেবানন ডিফেন্ডার জোয়া বু আসাফকে কাটিয়ে বাঁ-পায়ের দুরন্ত শটে গোলরক্ষককে সহজেই পরাস্ত করেন তিনি। এই প্রসঙ্গে বলা যায়, এদিনের ম্যাচে জোড়া গোল করেছেন প্রীতিকা। এরপরেও বেশকিছু ভালো সুযোগ পেয়েছিল ভারত। যদিও, তা থেকে গোল কিছুতেই আসছিল না। এদিকে, ভারতের আক্রমণের সামনে রীতিমতো চাপে পড়ে যায় লেবাননের খেলোয়াড়রা। সেই সুযোগ কাজে লাগিয়ে খেলার ৩৫ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান আলভা দেবী সেঞ্জাম।