গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং সাফল্য অব্যাহত। বুধবার মহিলাদের বিভাগে দুরন্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলেন সাক্ষী চৌধুরি এবং অরুন্ধতী চৌধুরি। ফলে দু’জনের ঝুলিতেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। ভারতীয় বক্সিং দলের পদকসংখ্যাও আরও বাড়ছে।
২৬ বছর বয়সী সাক্ষী শুরুতে প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্সিংয়ের মুখে কিছুটা চাপে পড়লেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। নিখুঁত ফুটওয়ার্ক, সঠিক দূরত্ব বজায় রেখে পাল্টা আক্রমণ এবং ধারাবাহিক কম্বিনেশন পাঞ্চে ফ্রায়ার্সকে কার্যত কোনও সুযোগই দেননি ভারতীয় বক্সার। পাঁচ বিচারকই সাক্ষীর পক্ষে রায় দেন।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রাক্তন বিশ্ব যুব ও জুনিয়র চ্যাম্পিয়ন সাক্ষী চৌধুরী এ বারের কমনওয়েলথ গেমসে দুর্দান্ত ছন্দে রয়েছেন। শেষ ষোলো থেকে কোয়ার্টার ফাইনাল—দুই ম্যাচেই তিনি একতরফা জয় তুলে নিজের পদক জয়ের দাবিকে আরও জোরালো করে তুলেছেন।
অন্যদিকে, ৭০ কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরীও দুরন্ত লড়াই উপহার দেন। স্কটল্যান্ডের মরগ্যান হেন্ডারসনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি। ঘরের মাঠে সমর্থকদের সামনে খেললেও হেন্ডারসনকে ছাপিয়ে যান ভারতীয় বক্সার।
কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে সেমিফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়। ফলে সাক্ষী ও অরুন্ধতী দু’জনেরই ঝুলিতে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত। এখন তাঁদের লক্ষ্য ফাইনালে উঠে সোনা বা রুপোর লড়াইয়ে নামা।
এর আগে লভলিনা বরগোহাঁই, প্রীতি পাওয়ার, প্রিয়া ঘাংঘাস এবং যাদুমণি সিং-ও নিজেদের বিভাগে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন। সাক্ষী ও অরুন্ধতীর সাফল্যে ভারতের বক্সিং শিবিরে উচ্ছ্বাস আরও বেড়েছে। গ্লাসগো থেকে আরও একাধিক পদক জয়ের আশায় রয়েছে ভারতীয় দল।
২০২৬ কমনওয়েলথ গেমসের সপ্তম দিনে গ্লাসগোয় বক্সিং রিংয়ে দাপট দেখালেন ভারতীয় বক্সাররা। বুধবার একদিনেই ভারতের বক্সিং দল পাঁচটি পদক নিশ্চিত করেছে। এখন পর্যন্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে নিশ্চিত হয়েছে মোট ন’টি বক্সিং পদক। এর ফলে ২০১৮-র গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে গড়া এক আসরে ভারতের সর্বাধিক বক্সিং পদক নিশ্চিত করার রেকর্ড ছুঁয়ে ফেলল ভারতীয় দল।
ভারতীয় এ দিন বক্সাররা মোট পাঁচটি পদক নিশ্চিত করেছেন। এর ফলে গ্লাসগো কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে ভারতের নিশ্চিত পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়। সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী, ছাড়াও শচীন সিওয়াচ (পুরুষদের ৬০ কেজি), অঙ্কুশ যাদব (পুরুষদের ৮০ কেজি) এবং নরেন্দর বেরওয়াল (পুরুষদের ৯০ কেজি) সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। এখন তাঁদের লক্ষ্য ফাইনালে উঠে ভারতের জন্য সোনা বা রুপো জেতা।
অন্যদিকে, অ্যাথলেটিক্সে তাজিন্দরপাল সিং তুর এবং সমরদীপ সিং গিল পুরুষদের শটপাটের ফাইনালে জায়গা করে নিয়েছেন। বৃহস্পতিবার তাঁরা পদকের লড়াইয়ে নামবেন। প্যারা সাঁতারে চৈতন্য বিশ্বাস কুলকর্ণী এবং সুয়শ নারায়ণ যাদব পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল এস৭ বিভাগের ফাইনালে উঠেছেন।