ফের পিছোচ্ছে ভারত-বাংলাদেশ সিরিজ! জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা

India Team Photo-SNS

ফের পিছোতে পারে ভারত-বাংলাদেশ ক্রিকেট সিরিজ। সেপ্টেম্বরের নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এ বার আগামী বছর জানুয়ারিতে সিরিজ আয়োজনের জন্য নতুন সময় চাইছে।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কেন্দ্রের সরকারের অনুমতি ছাড়া এক পা-ও এগোবে না। তাই এই প্রস্তাব তারা কেন্দ্রের বিদেশ দপ্তরের কাছে পাঠিয়ে দিয়েছে।

আগে ঠিক ছিল, সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে যাবে ভারত। তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচগুলি। কিন্তু সেই সূচি এখন অনিশ্চিত। বোর্ডের এক প্রভাবশালী কর্তা জানিয়েছেন, জানুয়ারির উইন্ডোতেই সিরিজ হওয়ার সম্ভাবনা বেশি।


ওই সূত্রের কথায়, ‘ভারত-বাংলাদেশ সিরিজ জানুয়ারিতে হওয়ার সম্ভাবনাই বেশি। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন আগামী বছরের শুরুতে একটি সময় চাইছে’।

ভারতের বাংলাদেশ সফরটি প্রথমে হওয়ার কথা ছিল ২০২৫-এর অগাস্টে। পরে তা পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে করা হয়। চলতি বছরের জানুয়ারিতে বিসিবি তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০-র সূচিও ঘোষণা করেছিল। কিন্তু বিসিসিআই সেই সফর নিয়ে কোনও সরকারি ঘোষণা করেনি। ফলে সেপ্টেম্বরের সফর নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় থেকেই যাচ্ছে।

২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে প্রত্যাহার করা নিয়ে দুই দেশের ক্রিকেট মহলে চাপানউতোর তৈরি হয়েছিল। এর পর ভারতে আয়োজিত টি-২০ বিশ্বকাপেও বাংলাদেশ অংশ নেয়নি। ফলে দুই বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়।

তবে সরকার বদলের পর বিসিবি-র সভাপতি হিসাবে তামিম ইকবাল দায়িত্ব নিলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। চলতি মাসেই ভারতে এসে বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স দেখে যান তামিম। এটাই দুই বোর্ডের মধ্যে বরফ গলার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ক্রিকেটের মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উপর জোর দিয়েছেন। তিনি বলেছিলেন, ‘আমরা ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছি। তারাও আমাদের সঙ্গে কথা বলেছে এবং সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে। আমার মনে হয়, অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনাকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, আমরা তা কাটিয়ে উঠব। আশা করি, আমাদের ক্রীড়া কূটনীতি, যোগাযোগ এবং পারস্পরিক যাতায়াত—সব কিছুই প্রতিবেশী দেশের সঙ্গে স্বাভাবিক ভাবে চলতে থাকবে’।

তবে এখন সেপ্টেম্বরের পরিবর্তে জানুয়ারি ২০২৭-ই নতুন সম্ভাব্য সময়। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিসিআই এবং ভারত সরকারের আলোচনার পরেই ঠিক হবে সফরের ভবিষ্যৎ। তাই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আরও কিছু দিন অপেক্ষায় থাকতেই হচ্ছে।