আবার নীল জার্সিতেই ফিরছে ভারতীয় হকি দল, এশিয়ান গেমসের আগে কেন ফের জার্সির রঙ বদল?

বিশ্বকাপে যে জার্সি ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল, এশিয়ান গেমসে সেই বিতর্কের অবসান হতে চলেছে। ফের পুরনো নীল জার্সিতেই দেখা যাবে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলকে। বিশ্বকাপে গেরুয়া জার্সি পরার পর নানা মহলে সমালোচনার মুখে পড়েছিল হকি ইন্ডিয়া। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী নীল রং ফিরিয়ে আনার সিদ্ধান্তই নেওয়া হল।

এশিয়ান গেমসগামী ভারতীয় দলের সংবর্ধনা অনুষ্ঠানের ফাঁকে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে স্পষ্ট করে দিয়েছেন, নীলই ভারতের প্রথম পছন্দের জার্সি। তিনি বলেন, ‘‘ভারতীয় অলিম্পিক সংস্থা আমাদের দলের জার্সির পছন্দের রং জানাতে বলেছিল। হকি ইন্ডিয়া নীলকে প্রথম পছন্দ হিসেবে জানিয়েছে। কমলা থাকবে দ্বিতীয় পছন্দ হিসেবে।’’

বিশ্বকাপের আগেই জার্সির রং বদল নিয়ে প্রশ্ন উঠেছিল। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা দলকে কমলা জার্সিতে খেলতে দেখা যায়। সেই সিদ্ধান্ত নিয়ে শুধু সমর্থকদের মধ্যেই নয়, হকি ইন্ডিয়ার অন্দরেও তৈরি হয়েছিল অসন্তোষ। তিরকেও প্রকাশ্যে জানিয়েছিলেন, এগজিকিউটিভ বোর্ডের অনুমোদন ছাড়াই জার্সির রং বদল করা হয়েছিল।


এ বার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নীলেই ফিরছে ভারত। তিরকে বলেন, ‘‘বিশ্বকাপের আগেই আমি জানিয়েছিলাম, কমলা জার্সির রং স্থায়ী নয়। ভবিষ্যতে তা বদলানো যেতেই পারে। এখন এশিয়ান গেমসের জন্য নীল ফিরেছে। দল নীল জার্সিতেই খেলবে।’’

জার্সির রং বদলের সময় যুক্তি দেওয়া হয়েছিল, নীল টার্ফে নীল জার্সি পরলে খেলোয়াড়দের দেখতে সমস্যা হতে পারে। সেই কারণেই কমলা রং বেছে নেওয়া হয়েছিল বলে জানানো হয়। কিন্তু প্রাক্তন অধিনায়ক বিরেন রাসকিনহা, পরগত সিং, ধনরাজ পিল্লাই এবং অজিত পাল সিং-সহ একাধিক প্রাক্তন তারকা সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিষয়টি রাজনৈতিক বিতর্কও হয়ে ওঠে।

এ বার অবশ্য সামনে আরও বড় লক্ষ্য। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমস। পুরুষ দল সেখানে গত বারের চ্যাম্পিয়ন হিসাবে নামবে। এই প্রতিযোগিতা শুধু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জনেরও গুরুত্বপূর্ণ মঞ্চ। ফলে বিশ্বকাপের হতাশা ভুলে এশিয়ান গেমসেই নজর থাকবে ভারতের পুরুষ ও মহিলা দলের।

বিশ্বকাপে পুরুষ দল অষ্টম স্থানে শেষ করেছিল। মহিলা দল অবশ্য ১৯৭৪ সালের পর বিশ্বকাপে নিজেদের সেরা ফল পঞ্চম স্থানে শেষ করে নজর কেড়ে নেয়। এ বার সেই আত্মবিশ্বাস নিয়েই এশিয়ান গেমসে নামবে ভারত। আর গায়ে থাকবে পরিচিত নীল—ভারতীয় হকির চিরপরিচিত রং।