তাজিকিস্তানের কাছে ১-৩-এ হেরে সফর শুরু ভারতীয় ফুটবল দলের

ভারতীয় ফুটবলের দুর্দশার ছবি যেন আরও স্পষ্ট হয়ে উঠল তাজিকিস্তানের মাটিতে। ফিফা আন্তর্জাতিক উইন্ডোর প্রথম প্রীতি ম্যাচে আয়োজক তাজিকিস্তানের কাছে ১-৩ গোলে পরাজিত হল ভারতীয় ফুটবল দল। সারা ম্যাচে রক্ষণে ভুল, ছন্দহীন মাঝমাঠ এবং ধারহীন আক্রমণের খেসারত দিতে হল খালিদ জামিলের দলকে।

শুক্রবার তুরসুনজোদার তালকো অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় ব্লু টাইগার্স। মাত্র নবম মিনিটেই ভারতের ডিফেন্ডার ম্যাকার্টন নিকসনের করা ফাউল থেকে পেনাল্টি পায় তাজিকিস্তান। সেই সুযোগ কাজে লাগিয়ে শেরিদ্দিন বোবোয়েভ গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের শুরুতেই গোল খেয়ে ভারতকে এরপর পিছন থেকে লড়াই করতে হয়।

গোল হজম করলেও প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করেছিল ভারত। এডমন্ড লালরিন্দিকার হেড ক্রসবারে লেগে ফিরে আসে। লালিয়ানজুয়ালা ছাংতের হেডারও প্রতিপক্ষ গোলরক্ষক রুস্তম ইয়াতিমভ দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয় ভারতকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় তাজিকিস্তান।


৬২ মিনিটে মেহরুবোন করিমভ ফ্রিকিক থেকে আসা বলে হেড করে ব্যবধান বাড়ান। মাত্র ছয় মিনিট পর এহসোনি পানশনবে গোল করে ভারতের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তাজিকিস্তান। এরপর একাধিক পরিবর্তন করেন ভারতের কোচ খালিদ জামিল। আন্তর্জাতিক অভিষেক হয় পরমভীর, আলবিনো গোমস্ এবং পার্থিব গগৈয়ের।

শেষ দিকে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় ভারতকে। ৮৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ফ্রিকিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান ফারুখ চৌধুরী। তবে সেই গোল শুধুই সান্ত্বনা হয়ে থেকে যায়।ভারত ও তাজিকিস্তান ফের মুখোমুখি হবে ৯ জুন। প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই এখন খালিদ জামিলের দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।