এশিয়াডের জার্সি-সমস্যা মেটাল বোর্ড, হোটেলের ব্যবস্থাও করে দিল শ্রেয়সদের

Photo: Representational Image

এশিয়ান গেমস (Asian Games ) শুরু হওয়ার আগেই ভারতীয় ক্রিকেট দলের অন্দরে কিট নিয়ে দেখা দিল সমস্যা। রবিবার ভোরে জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পুরুষ ক্রিকেট দলের। তার আগেই জানা গেল, দলের কয়েক জন ক্রিকেটার এখনও সঠিক মাপের জার্সি পাননি। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত আসরে নামতে হল ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

ভারতীয় অলিম্পিক সংস্থার (IOA) কিট সরবরাহকারী JSW Inspire-এর সঙ্গে BCCI-এর দফায় দফায় আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মূল সমস্যা ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে। IOA-র এক সূত্র জানিয়েছেন, বেশির ভাগ ক্রিকেটারের সমস্যা মিটে গিয়েছে। কয়েক জনের কিট এখনও বাকি রয়েছে। খুব দ্রুত তাঁদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।

ওই সূত্রের কথায়, ‘ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে সমস্যা হয়েছিল। বেশির ভাগ সমস্যাই মিটে গিয়েছে। কয়েকটি এখনও বাকি রয়েছে এবং খুব শীঘ্রই সেগুলি দলের কাছে পৌঁছে দেওয়া হবে। ওখানে ক্রিকেটারদের দু’ধরনের জার্সি প্রয়োজন—একটি দ্বিপাক্ষিক ম্যাচের জন্য এবং অন্যটি এশিয়ান গেমসের জন্য। তাই এমনটা ঘটতে পারে।’


ভারতীয় দল জাপানে পৌঁছে ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি খেলবে। সেই ম্যাচে পরার কথা দলের নিয়মিত কিট। তার পর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসের ক্রিকেট প্রতিযোগিতা। তখন ভারতীয় ক্রিকেটারদের পরতে হবে সরকারি এশিয়ান গেমসের (Asian Games) জার্সি।

আরও পড়ুন: শেষ মুহূর্তে বদল ভারতের পতাকাবাহক, তূরের বদলে পতাকা কার হাতে? কেন এই সিদ্ধান্ত?

থাকার ব্যবস্থাতেও উদ্যোগী বোর্ড

শুধু কিট নয়, ক্রিকেটারদের থাকার ব্যবস্থাতেও কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। নাগোয়ায় ইতিমধ্যেই ভারতীয় দলের অন্য খেলোয়াড়দের থাকার ব্যবস্থা নিয়ে নানা সমস্যা সামনে এসেছে। কারও ঘর পেতে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে, কোথাও আবার থাকার জায়গাই তৈরি ছিল না। সেই অভিজ্ঞতার পর শ্রেয়সদের জন্য নিজেদের ব্যবস্থাতেই হোটেল ঠিক করেছে বোর্ড।

বোর্ড সূত্রে খবর, পুরুষ দলের জন্য IOA যে থাকার ব্যবস্থা করেছিল, সেখানে ক্রিকেটারদের কিট ব্যাগ রাখার মতো জায়গাও ছিল না। ফলে শেষ মুহূর্তে নিজেদের উদ্যোগেই হোটেল ঠিক করেছে বোর্ড।

এক সূত্রের কথায়, ‘মহিলা দলের থাকার ব্যবস্থা নিয়ে কোনও সমস্যাই ছিল না। কিন্তু পুরুষ দলের জন্য আয়োজকদের দেওয়া ঘরে কিট ব্যাগ রাখার মতো জায়গাও ছিল না। এখানে বড় হোটেল খুব বেশি নেই। তবে জাপানে রওনা হওয়ার কিছুক্ষণ আগেই বোর্ড নিজেদের থাকার ব্যবস্থা করে ফেলেছে।’

ভারতীয় মহিলা ক্রিকেট দল অবশ্য IOA-র দেওয়া ব্যবস্থাতেই থাকছে। পুরুষ দল জাপানে পৌঁছনোর পর কোথায় থাকবে, সেই ব্যবস্থা নিয়ে বোর্ড আগেই নিশ্চিত হতে চেয়েছে।

আরও পড়ুন: নাগোয়ায় ফের সমস্যায় ভারতীয় শুটাররা, রাহির ঘর ‘দখল’ ডোপ কন্ট্রোলের! ‘এই বিশৃঙ্খলা কবে শেষ হবে?

প্রশ্ন মাঠ নিয়েও

এশিয়ান গেমসের (Asian Games) ক্রিকেট পরিকাঠামো নিয়েও এর আগে অসন্তোষ প্রকাশ করেছিল বিসিসিআই। ড্রেসিংরুমের ব্যবস্থা, মাঠের সুযোগ-সুবিধা এবং ছোট হোটেল নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী, আয়োজকদের সঙ্গে বৈঠকে ভারতীয় ক্রিকেট কর্তারা এই সমস্যাগুলি জানিয়েছিলেন।

এ বার তাই কিট থেকে হোটেল—সব ক্ষেত্রেই শেষ মুহূর্তে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। এশিয়ান গেমসে (Asian Games) সোনা জয়ের লক্ষ্য নিয়েই পূর্ণশক্তির দল পাঠাচ্ছে ভারত। তার আগে মাঠের বাইরের এই একের পর এক সমস্যা সামলানোই এখন বোর্ডের বড় চ্যালেঞ্জ।

দেখুন: কলকাতা পুলিশের E-Motorcycle পরিষেবা শুরু, WBPDCL-এর সঙ্গে সহযোগিতা