ব্রাজিল-উরুগুয়ের আগে পানামা পরীক্ষা, বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে কঠিন পথে ভারত

India VS Panama Photo-SNS

সামনে ব্রাজিল, তার পর উরুগুয়ে। কিন্তু তার আগে শুক্রবারই কঠিন পরীক্ষায় নামছে ভারত। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে প্রথম বার মুখোমুখি ভারত এবং পানামা।

তিন বছর পর ফের কান্তিরাভায় ফিরছে ভারতীয় দল। ২০২৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল ভারত। এ বার অবশ্য প্রতিপক্ষ অনেক কঠিন। ২০২৬ বিশ্বকাপে খেলা পানামা এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে। ভারতের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে তারা। বিশ্বকাপ খেলা তিন দলের বিরুদ্ধে ভারতের এই কঠিন সফর শুরু হচ্ছে পানামাকে দিয়েই। এর পরে ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিল এবং ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত।

ভারতের কোচ খালিদ জামিল অবশ্য প্রতিপক্ষের র‌্যাঙ্কিং দেখে ভয় পেতে নারাজ। তাঁর কথায়, ‘ওদের মতো মানের একটি দলের বিরুদ্ধে খেলতে পারা আমাদের জন্য আনন্দের। ওদের কোচ এবং ফুটবলাররা যথেষ্ট ভাল। তাই আমরা ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছি।’


শুধু ডিফেন্স করে যে পানামার মতো দলের বিরুদ্ধে টিকে থাকা যাবে না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন জামিল। তিনি বলেন, ‘আমরা শক্তিশালী একটি দলের বিরুদ্ধে খেলছি। কিন্তু সব সময় শুধু রক্ষণ করে খেলা যায় না। তাই রক্ষণ এবং আক্রমণ— দুটিরই মিশেল থাকবে। পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের খেলায় বদল আনব।’

ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুও মনে করছেন, বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে এই ম্যাচই দলের আসল অবস্থাটা বুঝতে সাহায্য করবে। তাঁর কথায়, ‘ফুটবলার হিসেবে আমাদের জন্য এটা দারুণ সুযোগ। এমন একটি দলের বিরুদ্ধে খেলব, যারা সদ্য বিশ্বকাপে খেলেছে। ওরা বিশ্বকাপে খুব ভাল খেলেছে। তাই আমাদের জন্য এটা খুব ভাল পরীক্ষা হতে চলেছে।’

তবে সাম্প্রতিক ফল ভারতকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। শেষ চারটি ম্যাচে জয় নেই। লন্ডনের ইউনিটি কাপে জামাইকা ও জিম্বাবোয়ের কাছে হারার পরে তাজিকিস্তানের কাছে ১-৩ হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। ভারতের শেষ জয় ৩১ মার্চ, হংকংয়ের বিরুদ্ধে ২-১।

অন্য দিকে, পানামা ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অপরাজিত ছিল— শেষ ১০ ম্যাচে সাতটি জয়, তিনটি ড্র। গোল করেছে ১৯টি। বিশ্বকাপের মূল পর্বে অবশ্য ঘানা, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের কাছে হারে তারা। তিন ম্যাচে গোল করতে না পারলেও মোট চারটি গোল হজম করেছিল। ভারতের বিরুদ্ধে তাদের দলে বিশ্বকাপে খেলা ১৪ জন ফুটবলার রয়েছেন।

পানামার কোচ টমাস ক্রিশ্চিয়ানসেনও ভারতকে হালকা ভাবে নিতে রাজি নন, যদিও কাগজে-কলমে তাঁর দলই এগিয়ে। তিনি বলেছেন, ‘পানামায় প্রত্যাশা অনেক যে আমরা জিতব। কিন্তু প্রতিপক্ষ ভারত হোক, আর্জেন্টিনা বা ব্রাজিল—আমাদের সব ম্যাচই জিততে হবে। কাগজে-কলমে আমরাই ফেভারিট, সেটা স্বীকার করতেই হবে’।

পানামার মিডফিল্ডার কার্লোস হার্ভে আবার ভারতে এসে রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে। এই প্রথম ভারতে এসেছি। অভিজ্ঞতাটা উপভোগ করছি। তবে এখন ভাল এবং সিরিয়াস ম্যাচ খেলার সময়। দেশের মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভাল খেলব এবং ভাল ফল করার চেষ্টা করব।’

পানামার পরে কলকাতায় ব্রাজিল এবং উরুগুয়ে—বিশ্ব ফুটবলের দুই বড় শক্তি। তাই শুক্রবারের ম্যাচ শুধু আর একটি ফ্রেন্ডলি নয়, খালিদ জামিলের দলের সামনে নিজেদের বর্তমান অবস্থান পরখ করার প্রথম বড় মঞ্চ।

ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সোনি স্পোর্টস নেটওয়ার্ক, সোনি লিভ এবং সোনি আথ-এ দেখা যাবে ম্যাচটি।