ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের সামনে কঠিন পরীক্ষা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। ম্যাচের আগে সবুজ পিচ দেখে চার পেসার নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। একই সঙ্গে ব্যাটিংয়ের গভীরতা বজায় রাখার কথাও স্পষ্ট করেছেন তিনি। অন্যদিকে, ঋষভ পন্থের ফিটনেস নিয়ে যাবতীয় সংশয় কাটল। পুরোপুরি সুস্থ হয়ে উইকেটের পিছনে দাঁড়াতে প্রস্তুত ভারতীয় দলের এই উইকেটকিপার-ব্যাটার।
সবুজ পিচে পেসারদের দাপটের অপেক্ষা
বেসিন রিজার্ভের পিচে প্রায় ১৫ মিলিমিটার ঘাস রয়েছে। ফলে ম্যাচের শুরুতে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের পরিস্থিতি কিছুটা সহজ হতে পারে। এই মাঠে ভারতের অতীত রেকর্ড অবশ্য খুব একটা আশাব্যঞ্জক নয়। ১৯৬৮ সালের পর থেকে এখানে আটটি টেস্ট খেলেছে ভারত। জয় এসেছে মাত্র একটিতে। সেই পরিসংখ্যান বদলানোই এখন গিলের দলের অন্যতম লক্ষ্য।
দীর্ঘ বিশ্রামের পর পেস আক্রমণে ফিরছেন জসপ্রীত বুমরাহ। তাঁর সঙ্গে প্রথম একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অভিষেকের অপেক্ষায় থাকা গুরনুর ব্রার। দলে একাধিক ছন্দে থাকা পেসার থাকায় প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন হলেও বিষয়টিকে ‘মধুর সমস্যা’ হিসেবেই দেখছেন গিল।
অন্যদিকে, তিন নম্বরে দেবদত্ত পাড়িক্কলের খেলার সম্ভাবনা বেশি। ভারত-এ দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে দৌড়ে এগিয়ে রেখেছে। ফলে সাই সুদর্শনের বদলে প্রথম একাদশে দেখা যেতে পারে পাড়িক্কলকে। উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলানোর জন্যও প্রস্তুত পন্থ।
প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, গুরনুর ব্রার/প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, ম্যাট হেনরি, কাইল জেমিসন ও জেকব ডাফি।
দুই দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
ভারত: যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, অংশুল কম্বোজ, আকাশ দীপ ও গুরনুর ব্রার।
নিউজিল্যান্ড: টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, ম্যাট হেনরি, কাইল জেমিসন, জেকব ডাফি, ব্লেয়ার টিকনার, ডিন ফক্সক্রফট ও উইল ইয়ং।