চার পেসার নিয়ে নামছে ভারত! পন্থের কামব্যাক কার্যত নিশ্চিত, প্রথম টেস্টের আগে বড় ইঙ্গিত গিলের

এক দিনের ও টি-টোয়েন্টি সিরিজs জয়ের পর এ বার ভারতের সামনে বড় পরীক্ষা। ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকতে এই দুই ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে নামবে টিম ইন্ডিয়া। তার আগে প্রথম একাদশের সম্ভাব্য রণকৌশল নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক শুবমান গিল। ম্যাচ শুরুর দু’দিন আগে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে ভারতের। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জশপ্রীত বুমরা। অন্যদিকে, চোট সারিয়ে ঋষভ পন্থের প্রত্যাবর্তন নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক।

সাম্প্রতিক সময়ে ভারতীয় পেসারদের পারফরম্যান্সে যথেষ্ট সন্তুষ্ট গিল। বিশেষ করে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে বোলারদের সাফল্য টেস্টের আগে আত্মবিশ্বাস জুগিয়েছে ভারতীয় শিবিরকে। সাংবাদিক বৈঠকে গিল বলেন, “চার পেসার নিয়ে নামব, এটুকু নিশ্চিত। আমাদের সব ফাস্ট বোলারই ভালো পারফর্ম করেছে। এক দিনের সিরিজেও ওরা নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। তবে চূড়ান্ত একাদশ নিয়ে এখনও আলোচনা চলছে।”

পেস আক্রমণে বুমরার জায়গা কার্যত নিশ্চিত। তবে বাকি তিনটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছেন মহম্মদ সিরাজ, আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ। এক দিনের সিরিজ়ে ভালো পারফরম্যান্সের সুবাদে তরুণ পেসার গুরনূর ব্রারও সুযোগের দাবিদার। পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও অবদান রাখার ক্ষমতা থাকায় আলোচনায় রয়েছেন অংশুল কম্বোজ।


প্রথম টেস্টে সাত জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে নামার পরিকল্পনা রয়েছে ভারতের। সে ক্ষেত্রে আট ও নয় নম্বরে এমন ক্রিকেটারকে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট, যাঁরা প্রয়োজনে ব্যাট হাতেও রান করতে পারবেন। গিলের কথায়, “দলে সাত জন বিশেষজ্ঞ ব্যাটার থাকবে। আট ও নয় নম্বরে অংশুল বা আকাশ নামতে পারে। ওরা ব্যাট হাতেও অবদান রাখতে পারবে। নীতীশ কুমার রেড্ডিও ব্যাট করতে পারে। তবে বল পুরনো হয়ে গেলে কী পরিস্থিতি তৈরি হবে, সেটাও মাথায় রাখতে হবে। তাই এমন কাউকে প্রয়োজন, যে পেস বোলিং করতে পারবে এবং পিচ থেকে সাহায্য আদায় করতে পারবে।”

এদিকে ঋষভ পন্থের ফিটনেস ও ফর্ম নিয়ে জল্পনার অবসান ঘটানোর ইঙ্গিত দিয়েছেন ভারত অধিনায়ক। উইকেটকিপার-ব্যাটারের অভিজ্ঞতার উপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর। পন্থকে নিয়ে কোনও সংশয় নেই বলে স্পষ্ট জানিয়েছেন গিল। তিনি বলেন, “পন্থকে নিয়ে কোনও দ্বিধা নেই। ও ৫০টির বেশি টেস্ট খেলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে রান করেছে। অস্ট্রেলিয়াতেও শতরান রয়েছে ওর। উইকেটকিপার হিসেবেও ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই।”

গিলের এই মন্তব্যের পর চোট সারিয়ে পন্থের প্রথম একাদশে ফেরার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। ফলে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের উইকেটের পিছনে পন্থকেই দেখা যেতে পারে।