রবিবার সিরিজ জয়ের সুযোগ রয়েছে ভারতের সামনে। কিন্তু তার আগে বড়সড় অস্বস্তিতে পড়েছে ভারত। চতুর্থ এক দিনের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে হারের পর ভারতীয় ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ ম্যাচে নামার আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে কঠিন পরীক্ষা। রবিবার বে ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ এক দিনের ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। অন্য দিকে, নিউজিল্যান্ডের লক্ষ্য সিরিজে সমতা আনা।
শুক্রবার চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে মাত্র ৮৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এক দিনের ক্রিকেটে ভারতের এটি দ্বিতীয় বৃহত্তম ব্যবধানে পরাজয়। ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটারেরা। ইনিংসের প্রথম ওভারেই রোহিত, কোহলি এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ফিরিয়ে দেন হেনরি। ফলে শুরুতেই ০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।
এই বিপর্যয়ের পর দলের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ গৌতম গম্ভীর। তাঁর মতে, শুধু কম রান করাটাই চিন্তার নয়, এত দ্রুত পুরো ব্যাটিং লাইন-আপ শেষ হয়ে যাওয়াও বড় সমস্যা।
গম্ভীর বলেন, ‘৯০ রানের আশপাশে অলআউট হয়ে গেলে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। আমি কেন উদ্বিগ্ন হব না? অবশ্যই চিন্তা হবে। কারণ, এই ধরনের পরিবেশের সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপের পরিবেশের অনেক মিল রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ রানের সংখ্যা নয়, বরং আমরা কত দ্রুত অলআউট হয়ে গেলাম। ২৬-২৭ ওভারের মধ্যেই ইনিংস শেষ হয়ে যাওয়া সব সময়ই চিন্তার বিষয়’।
রোহিত-কোহলির দিকে নজর
এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। রোহিতকে দুরন্ত ইনসুইংয়ে পরাস্ত করেছিলেন হেনরি। কোহলিও সামলাতে পারেননি নিউজিল্যান্ডের পেসারের সুইং।
রোহিত ও কোহলির কাছে এই ম্যাচ আরও গুরুত্বপূর্ণ। এক দিনের ক্রিকেট ছাড়া অন্য কোনও আন্তর্জাতিক ফরম্যাটে তাঁরা আর খেলেন না। নিউজিল্যান্ড সফরও সম্ভবত তাঁদের শেষ সফর হতে চলেছে। ফলে শেষ ম্যাচে ভাল পারফরম্যান্স করে সফর শেষ করতে চাইবেন দুই অভিজ্ঞ তারকা।
২০২৭-এর ওয়ান ডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় হবে। সেখানে সাধারণত পেসারদের সাহায্য করার মতো পরিবেশ ও উইকেটই পাওয়া যায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় ব্যাটারদের সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা হচ্ছে।
গম্ভীরের মতে, ভারতের ব্যাটারদের বুঝতে হবে, প্রথম ১০ ওভারে ৭০-৮০ রান করতেই হবে এমন নয়। তিনি বলেছেন, ‘প্রথম ১০ ওভারে ৭০-৮০ রান হবে, এমন প্রত্যাশা করা উচিত নয়। ১০ ওভারে বিনা উইকেটে ৩৫-৪০ রানও যথেষ্ট ভাল। কারণ ভারতে প্রথম ১০-১৫ ওভার ব্যাট করার সবচেয়ে সহজ সময়। এখানে সম্ভবত সেটাই সবচেয়ে কঠিন সময়’।
সাত বছরের রেকর্ড বাঁচানোর লড়াই
নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ কার্যত বাঁচা-মরার। ঘরের মাঠে গত সাত বছর কোনও দ্বিপাক্ষিক এক দিনের সিরিজ হারেনি তারা। সেই রেকর্ড ধরে রাখার পাশাপাশি ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।
চতুর্থ ম্যাচে টিম সাইফার্টের হাফ সেঞ্চুরি এবং উইল ইয়ংয়ের সেঞ্চুরি নিউজিল্যান্ডকে বড় জয় এনে দিয়েছে। বিশেষ করে ইয়ংয়ের ১০৮ বলে ১২৫ রানের ইনিংস ভারতীয় বোলারদের সমস্যায় ফেলেছিল। এ বারও প্রথম ১০ ওভারে দুই ওপেনারকে দ্রুত ফেরানোই ভারতের বোলারদের প্রধান লক্ষ্য। ম্যাট হেনরি ও কাইল জেমিসন এই ম্যাচে না থাকায় নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিষেক হতে পারে আনক্যাপড পেসার ব্রেট র্যান্ডেলের।
ভারতীয় দলেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গুরনুর ব্রার-কে টেস্ট দলের প্রস্তুতির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় মহম্মদ সিরাজ খেলতে পারেন। আগের ম্যাচে উইকেটহীন থাকা কুলদীপ যাদবের জায়গায় যশ ঠাকুরকেও খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।
শেষ ম্যাচে ভারতের লক্ষ্য সিরিজ জয়। নিউজিল্যান্ডের লক্ষ্য ঘরের মাঠে সাত বছরের অপরাজেয় রেকর্ড ধরে রাখা। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, পেস ও সুইংয়ের সামনে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা কাটবে কি না। ২০২৭ সালের বিশ্বকাপের আগে এই ম্যাচ তাই রোহিত-কোহলিদের কাছে বড় পরীক্ষা।