স্পিনারদের ঘূর্ণিতে চূর্ণ আফগানিস্তান, বৃহত্তম টেস্ট জয় ভারতের

অভিষেকেই স্বপ্নের পারফরম্যান্স বাঁহাতি স্পিনার মানব সুথারের। প্রথম ইনিংসে তাঁর দুরন্ত বোলিং ও পরে ওয়াশিংটন সুন্দরের নিখুঁত ঘুর্ণিতে আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় জয় তুলে নিল ভারত। তিন দিনেই শেষ হয়ে একমাত্র টেস্ট।

প্রথম ইনিংসে ভারতের ৫৬৪/৮-র বিশাল স্কোরের জবাবে আফগানিস্তান প্রথম ইনিংসে মাত্র ১৫২ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে একমাত্র রহমত শাহ প্রতিরোধ গড়েন, যিনি ৬০ রান করেন। তবে ভারতের স্পিন আক্রমণের সামনে বাকিরা কার্যত অসহায় আত্মসমর্পণ করেন। জীবনের প্রথম টেস্ট খেলতে নামা মানব সুথার ৩৩ রানে ৬ উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান।

ফলো-অন করতে বাধ্য হওয়া আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসেও ধ্বস নামে ভারতের স্পিন আক্রমণে। ওয়াশিংটন সুন্দর চার উইকেট তুলে নিয়ে মিডল অর্ডারকে ধ্বংস করে দেন, আর কুলদীপ যাদব যোগ করেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত মাত্র ১১২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।


এর আগে ম্যাচের প্রথম দিনেই ভারতের ব্যাটসম্যানরা বুঝিয়ে দেন, তারা এই টেস্টে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না। তাঁরা রীতিমতো আধিপত্য বিস্তার করেন। শুভমান গিল ও কে এল রাহুলের সেঞ্চুরি ভারতকে বিশাল ইনিংসের ভিত গড়ে দেয়। সেই ভিতের ওপর দাঁড়িয়েই ভারত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়।

এই জয়ের ফলে ইনিংস ও ২৯৪ রানে ইংল্যান্ডকে হারানোর পুরনো রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বড় ব্যবধানের নতুন রেকর্ড গড়ে ‘টিম ইন্ডিয়া’। ইনিংস ও ৩০০ রানের এই জয়ই এখন সবচেয়ে বড় টেস্ট জয় তাদের। একই সঙ্গে অভিষেক টেস্টে মানব সুথারের দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকে দলের অস্ত্রাগারে এক নতুন অস্ত্রের সন্ধান দিল।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৫৬৪-৮ ডিক্লেয়ার (গিল ১২৬, রাহুল ১০০, সালিম ৬-১৪০) ; আফগানিস্তান ১৫২ (রহমত ৬০, সুথার ৬-৩৩, প্রসিদ্ধ ৩-৩৭) ও ১১২ (অটল ৪২, সুন্দর ৪-৩৬, কুলদীপ ৩-৩০)। ভারত ইনিংস ও ৩০০ রানে জয়ী।