আইসিসির পক্ষ থেকে বার্ষিক ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত আবার শীর্ষস্থানে পৌঁছে গেল। সেই অর্থে গত এক বছরে একদিনের ক্রিকেটে সেইভাবে সাফল্য পায়নি কোচ গৌতম গম্ভীরের ভারতীয় দল। তবুও ১১৮ রেটিং নিয়ে ভারত শীর্ষস্থানে অবস্থান করল। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল যে সাফল্যের জন্য ক্রমতালিকায় সবার উপরে ছিল, তারই জন্য শুভমন গিলরাও সবার উপরে জায়গা পেয়ে গেল। ভারতের পরে জায়গা পেয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে পাকিস্তান দলকে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হয়েছে।
মে ২০২৫ থেকে ২০২৬-র মে পর্যন্ত সময়ের মাপকাঠিতে রেটিং বিচার করা হয়। এই সময়ের মধ্যে ভারত তিনটি সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-২ ব্যবধানে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-২ ব্যবধানে হেরেছে। শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল। ঘটনাচক্রে সেই সিরিজের নেতৃত্বে শুভমান গিল ছিলেন না। সেখানে অধিনায়ক ছিলেন কেএল রাহুল।
আসলে রেটিং তৈরির জন্য গত এক বছরের ফলাফলকে ১০০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। তার আগের দু’বছরের ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়। গত এক বছরে ওয়ানডেতে ভারতের সাফল্য নেই। কিন্তু তার আগের দু’বছর ভারত ওয়ানডেতে সাফল্যের শিখরে ছিল। বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। রোহিত জমানার সেই সাফল্যের ৫০ শতাংশের সৌজন্যে ভারত এখনও শীর্ষে।
ভারতীয় দলের পয়েন্ট ১১৮। এরপর নিউজিল্যান্ড (১১৩) ও অস্ট্রেলিয়া (১০৯)। একধাপ নেমে পাকিস্তান আছে পঞ্চম স্থানে। তবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই প্রথম আটের বাইরে। এই দুই দলকে ২০২৭-র সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হলে প্রথম আটের মধ্যে অবশ্যই আসতে হবে।