ব্রাজিলের আগে বিশ্বকাপার পানামার বিরুদ্ধে খেলবে ভারত, জানিয়ে দিল ফেডারেশনও

Photo: X

ব্রাজিলের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচের আগে আরও এক বড় পরীক্ষায় ভারতের নামা নিয়ে জল্পনা চলছিলই। সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল, গতকাল এমনই সম্ভাবনার খবর লেখা হয়েছিল ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-এই। এ বার ফেডারেশনও জানিয়ে দিল, ২৬ সেপ্টেম্বর ম্যাচটি হবে। তবে ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

পানামার বিরুদ্ধে এর আগে কখনও খেলেনি ভারত। ফলে ম্যাচটি দুই দেশের প্রথম সাক্ষাৎও হতে চলেছে। ফিফা ক্রমতালিকায় বর্তমানে ৪৪ নম্বরে রয়েছে পানামা। ২০২৬ বিশ্বকাপেও খেলেছে তারা। ফলে খালিদ জামিলের দলের কাছে ম্যাচটি নিঃসন্দেহে বড় পরীক্ষা হতে চলেছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ-সচিব এম সত্যনারায়ণ বলেন, ‘ব্রাজিল ম্যাচের আগে পানামার বিরুদ্ধে ম্যাচটি কঠিন পরীক্ষা হতে চলেছে। পানামা বিশ্বের প্রথম ৫০টি দলের মধ্যে রয়েছে। তাই খালিদ জামিলের ছেলেদের জন্য এটা ভাল পরীক্ষা। আমরা চাই, আমাদের ফুটবলাররা সঠিক মানের আন্তর্জাতিক অভিজ্ঞতা পাক’।

তিনি আরও বলেন, ‘সাধারণত বিশ্বকাপে খেলা এই ধরনের দলের বিরুদ্ধে আমাদের খেলার সুযোগ হয় না। তাই এই ফিফা উইন্ডো আমাদের পক্ষে খুব ভাল হবে। এত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা আমাদের ফুটবলারদের জন্য গুরুত্বপূর্ণ’।

🇮🇳 vs 🇵🇦
A first-ever meeting between India and Panama. 🌟

The Indian men's national team will host the World No. 44 side in an international friendly on September 26. The venue will be confirmed at a later date. 🏟️#INDPAN #BlueTigers #IndianFootball pic.twitter.com/KqWwHM9LaK
— Indian Football (@IndianFootball) August 25, 2026

বছরের শেষ দিকে ২০২৬ বিশ্বকাপে খেলা দেশগুলির বিরুদ্ধে একাধিক ম্যাচ রয়েছে ভারতের। পানামার পর ৩ অক্টোবর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে খেলার কথা। নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি ম্যাচ রয়েছে— ১২ এবং ১৫ নভেম্বর।

অর্থাৎ, একের পর এক বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে ভারত। সদ্য দায়িত্ব নেওয়া খালিদ জামিলের কাছেও এই ম্যাচগুলি দলকে নতুন করে গড়ে তোলার বড় সুযোগ বলে মনে করছে ফেডারেশন।

পানামা বর্তমানে ভারতের থেকে বিশ্ব ক্রমতালিকায় অনেক এগিয়ে। ফলে সেপ্টেম্বরের ম্যাচে ফলের পাশাপাশি ভারতের নজর থাকবে পারফরম্যান্সেও। বিশ্বকাপ খেলা একটি দলের বিরুদ্ধে কতটা সংগঠিত ফুটবল খেলতে পারে সুনীল ছেত্রী-পরবর্তী ভারত, সেটাই হবে বড় প্রশ্ন।

ব্রাজিল ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। তার আগে পানামার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ। যা ভারতের প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব পাবে। বিশ্বকাপের মঞ্চে খেলা দলের বিরুদ্ধে একের পর এক পরীক্ষা— খালিদ জামিলের ভারতের সামনে এখন নিজেদের প্রমাণ করার বড় সুযোগ।