আজ নাইরোবির নিয়ায়ো ন্যাশনাল স্টেডিয়ামে ফিফা সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারতীয় মহিলা দল। চার-দলীয় এই টুর্নামেন্টে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়োজক দেশ কেনিয়া। সম্প্রতি এএফসি এশিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রথমবারের জন্য এই টুর্নামেন্টে খেলতে চলেছেন সুইটি দেবীরা। পাশাপাশি, এই টুর্নামেন্টের জন্য ফের একবার ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন ক্রিস্পিন ছেত্রী।
এই প্রসঙ্গে বলা যায়, এশিয়ান কাপের সময় তাঁকে প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে সেই জায়গায় অ্যামেলিয়া ভালভার্দেকে নিয়ে আসা হয়েছিল। এই টুর্নামেন্ট খেলতে গত ৭ এপ্রিল নাইরোবিতে পৌঁছেছে ভারতীয় দল। এই ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় দলের কোচ ক্রিস্পিন জানান, মানসিকভাবে খেলোয়াড়রা এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত। কেনিয়ার আবহাওয়া যে অনুশীলনের জন্য আদর্শ, সেকথা জানাতেও ভুললেন না ভারতীয় দলের কোচ। এই টুর্নামেন্টকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।
এই টুর্নামেন্টে কেনিয়া ছাড়াও মালাউই এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণ করছে। এদিন প্রথম সেমিফাইনালে মালাউইয়ের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে ভারত নামবে কেনিয়ার বিপক্ষে। এই টুর্নামেন্টেই প্রথমবারের জন্য আফ্রিকার মাটিতে খেলতে নামছে ভারতীয় মহিলা দল। এশিয়ান কাপে যে দল অংশ নিয়েছিল, তাতে বেশকিছু বদল আনা হয়েছে। দলে অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ দলের একাধিক খেলোয়াড় সুযোগ পেয়েছেন। একই সঙ্গে, সঞ্জু, সঙ্গীতা বাসফোর, গ্রেস ডাংমেই এবং সৌম্যা গুগুলোথকে এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে। এদিকে, চোট কাটিয়ে বর্তমানে অনেকটাই সুস্থ গোলরক্ষক পন্থোই চানু এবং ডিফেন্ডার সুইটি দেবী। দল থেকে বাদ পড়েছেন স্ট্রাইকার মনীষা কল্যাণও।