আফগানদের আট উইকেটে উড়িয়ে ফাইনালে আর্যবীররা, পাকিস্তানের বিরুদ্ধে মহারণের মঞ্চ তৈরি

Lakshya Raichandani Photo-SNS

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফের নজর কাড়লেন শেহওয়াগ-পুত্র আর্যবীর। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের জয়ের আসল নায়ক অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি। তাঁর ৯৩ রানের ইনিংস এবং আর্যবীরের হাফ সেঞ্চুরির সৌজন্যে আট উইকেটে জিতে ফাইনালে উঠল ভারত। রবিবার খেতাবি লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

ওমানের আল আমেরাতে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২২৭ রানের বেশি তুলতে পারেনি তারা। ভারতীয় পেসার ইশান সুদ ৪৩ রানে তিন উইকেট তুলে নেন। মাঝের ওভারগুলিতে স্পিনাররাও আফগান ব্যাটারদের রান তোলার গতি আটকে দেন। আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার নোমান সালারজাই এবং শাহ ফয়সল রহিমি দু’জনেই ৫১ রান করেন। অধিনায়ক সোহেল খান অপরাজিত থাকেন ৩৬ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। ওপেনিং জুটিতে আর্যবীর লক্ষ্য যোগ করেন ১১৭ রান। আর্যবীর ৫৬ বলে ৫১ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা। অর্ধশতরান পূর্ণ করার পরের বলেই অবশ্য নূর আলি নিয়াজির বলে পুল করতে গিয়ে অতিরিক্ত বাউন্সে পরাস্ত হন তিনি। কভারে ফারিদুল্লাহ ইহসাসের হাতে ধরা পড়েন।


তাতে অবশ্য ভারতের জয়ের পথে বাধা তৈরি হয়নি। অধিনায়ক রাইচন্দানি ছিলেন আরও বেশি পরিণত। ৯০ বলে ৯৩ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৩টি চার ও একটি ছক্কা। প্রথম পঞ্চাশ রান করতে তাঁর লেগেছিল মাত্র ৩৯ বল। পরে কিছুটা ধীর গতিতে খেললেও আফগান বোলারদের উপর চাপ বজায় রাখেন তিনি।

দ্বিতীয় উইকেটে রাইচন্দানির সঙ্গে ৭৭ রান যোগ করেন ভিকে বিনীত। তিনি ৫৭ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে নূর আলির বলে পরপর চার ও ছক্কা মেরে ম্যাচ শেষ করেন বিনীত। ৩৬.৫ ওভারেই ২৩০ রান তুলে নেয় ভারত। হাতে থাকে আট উইকেট।

অন্য সেমিফাইনালে বাংলাদেশকে ন’উইকেটে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতকে তিন উইকেটে হারিয়েছিল তারা। সেই হারের বদলা নেওয়ার সুযোগ এ বার রাইচন্দানিদের সামনে। গ্রুপের সেই ম্যাচে ভারত ২০৮ রানে অলআউট হয়েছিল। পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

এ বার ফাইনালে সেই হিসাব মেটানোর পালা। এক দিকে আর্যবীর শেহওয়াগ, অন্য দিকে অধিনায়ক রাইচন্দানি— ভারতের ব্যাটিংয়ের দুই ভরসা। আফগানিস্তানের বিরুদ্ধে বোলাররাও ছন্দে ফিরেছেন। রবিবারের ফাইনালে তাই উত্তেজনার পারদ চড়ছে। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মঞ্চে আরও এক বার ভারত-পাকিস্তান দ্বৈরথ।