বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুরন্ত রেকর্ড গড়ল ভারত। এবারই প্রথম ভারতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রতিযোগিতার শেষ দিন জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন নভদীপ সিং। এছাড়াও, শেষদিন পদক জিতেছেন সিমরান শর্মা, সন্দীপ, প্রীতি পালরাও। এর ফলে, ভারতের পদক সংখ্যা দাঁড়ালো ২২ । এই প্রতিযোগিতার পদক তালিকায় ভারত শেষ করেছে দশম স্থানে। এই প্রসঙ্গে বলা যায়, এর আগে প্যারা অ্যাথলেটিক্সে এত পদক জেতেনি ভারত।
রবিবার প্রতিযোগিতার শেষদিনে ভারতকে রুপো এনে দেন প্যারা জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিং। এর আগে প্যারিসে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এফ ৪১ বিভাগে ৪৭.৩২ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন তিনি। তবে, রবিবার সেই দূরত্ব অতিক্রম করতে পারেননি। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এদিন তিনি সর্বোচ্চ ৪৫.৪৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়েন তিনি। নিজের তৃতীয় থ্রোতে এই দূরত্ব অতিক্রম করেন নভদীপ। তাতে সোনা না পেলেও রূপো জিততে খুব একটা অসুবিধা হয়নি তাঁর। তবে, এই মরশুমে এটাই নভদীপের সেরা হলেও তা ইরানের সাদেঘ বেইত সায়াহকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। এদিকে, শেষদিন পদক জিতেছেন দৌড়বিদ সিমরান শর্মাও। টি১২ বিভাগে ২০০ মিটার দৌড়ে তিনিও রুপো জিতে নেন। এর আগে এবারের এই প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন সিমরান। অন্যদিকে টি৩৫ বিভাগে ১০০ মিটার দৌড়ে রুপো জেতেন প্রীতি পাল। টি৪৪ বিভাগের ২০০ মিটারে ব্রোঞ্জ জিতে নেন আর এক দৌড়বিদ সন্দীপ।
এবারের প্রতিযোগিতায় মোট ২২ পদকের মধ্যে ছ’টি স্বর্ণপদকের পাশাপাশি নয়টি রুপো ও সাতটি ব্রোঞ্জ জিতেছে। ১৫ সোনা-সহ মোট ৪৪ পদক নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।