এশিয়ান গেমসে হকিতে ফের গোলের বন্যা ভারতের। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৩ গোল করার পর এ বার শ্রীলঙ্কাকেও গোলের মালা পড়াল হরমনপ্রীত সিংয়ের দল। মঙ্গলবার পুল ‘এ’-র ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬-১ গোলে উড়িয়ে দিল ভারত। টানা দ্বিতীয় বড় জয় পেল ভারত।
ভারতের হয়ে জুগরাজ সিং চারটি গোল, অভিষেক নাইন ও দিলপ্রীত সিং হ্যাটট্রিক এবং অধিনায়ক হরমনপ্রীত সিং দু’টি গোল করেন। এ ছাড়াও মনদীপ সিং, সুখজিৎ সিং, মনপ্রীত সিং এবং বিবেক সাগর প্রসাদ একটি করে গোল করেন।
তবে শ্রীলঙ্কা একেবারে খালি হাতে মাঠ ছাড়েনি। এশিয়ান গেমসের পুরুষদের হকির ইতিহাসে প্রথম বার ভারতের বিরুদ্ধে গোল করল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারানোর পর এ দিনের বড় জয় এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে পুল ‘এ’-তে আরও শক্তিশালী জায়গায় পৌঁছে দিল।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। প্রথম কোয়ার্টারেই হয় তিন গোল। দ্বিতীয় কোয়ার্টার শুরু হওয়ার ৩০ সেকেন্ডের মধ্যেই গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। এর পর গোলের ঝড় ওঠে। ৩৪ মিনিটের মাথায় অভিষেক নাইন তাঁর দ্বিতীয় গোল করেন। তার পর জুগরাজ ফের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৬-০ করেন।
জুগরাজের হ্যাটট্রিক অবশ্য তখনই হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের দশম মিনিটে তাঁর আরও একটি ড্র্যাগফ্লিক জালে ঢুকলেও রেফারির রেফারেলের পরে গোলটি বাতিল হয়। তবে তার কিছু পরেই হার্দিক সিংয়ের দুর্দান্ত পাস থেকে সহজ ট্যাপ-ইন করে ৭-০ করেন সুখজিৎ সিং। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে দিলপ্রীত সিংয়ের স্টিক থেকে আসে অষ্টম গোল। বিরতিতে ভারত ৮-০ এগিয়ে ছিল।
তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই হয় নবম গোল। করেন মনপ্রীত সিং। তার পর বিবেক সাগর প্রসাদের গোলে ভারত পৌঁছে যায় দুই অঙ্কে। দীর্ঘ ভিডিও যাচাইয়ের পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। ১১তম গোলটি আসে দিলপ্রীতের স্টিক থেকে—সুখজিৎ ও দিলপ্রীতের সুন্দর বোঝাপড়ায়।
এর পর দেখা যায় জুগরাজের ঝলক। তৃতীয় কোয়ার্টারের ১২ মিনিটে শক্তিশালী ড্র্যাগফ্লিকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। তার কয়েক মিনিট পর পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। ফলে ভারত পৌঁছে যায় ১৩ গোলে। তৃতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন ছিল ১৩-০।
শেষ ১৫ মিনিটে ভারত আরো তিন গোল করলেও শ্রীলঙ্কা একটি শোধ করে। এই কোয়ার্টারে অভিষেক তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন। এরপরই শ্রীলঙ্কার সুরেশের স্টিক থেকে আসে শ্রীলঙ্কার একমাত্র গোলটি। অবশ্য রেফারেলের পর আম্পায়ার গোলটি দেন। শেষ কোয়ার্টারের আট মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন যুগরাজ। এর দু’মিনিট পরেই দিলপ্রীত হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ভারতের হয়ে শেষ গোলটি করেন।
প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারিয়েছিল ভারত। এ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই সংখ্যাও ছাপিয়ে গেল ভারত।
এশিয়ান গেমসের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে আরও কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও জাপান এবং সবশেষে বাংলাদেশ। তাই এই ম্যাচে বড় ব্যবধানে জয় যেমন আত্মবিশ্বাস বাড়াবে, তেমনই কোচ ক্রেগ ফালটনকে দলের বিভিন্ন খেলোয়াড়কে পরখ করার সুযোগও দিল।