এক ইনিংসে পাঁচ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করার কাজটা প্রায় একাই সামলে নেন বাংলার পেসার আকাশ দীপ। কিন্তু সতীর্থদের কাছ থেকে তেমন সাহায্য পেলেন কোথায়! ফিল্ডিংয়ে একের পর এক ক্যাচ ফস্কাল ভারত। তার পর ব্যাট করতে নেমে আরও বড় বিপর্যয়। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে গেল নিউজিল্যান্ডের হাতে। বলা ভাল, তাদের হাতে টেস্টের নিয়ন্ত্রণ তুলে দিল ভারতই। প্রথম ইনিংসে ২৪০ রানে পিছিয়ে শুভমন গিলের দল। রবিবার কতটাই বা প্রতিরোধ গড়তে পারবেন টেল এন্ডাররা?
টেস্ট ক্রিকেটে ধৈর্য, নিখুঁত পরিকল্পনা এবং পরিস্থিতি বোঝার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দ্বিতীয় দিনের খেলায় এই তিনটি ক্ষেত্রেই চরম ব্যর্থ হতে দেখা গেল ভারতকে। একে তো নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারকে দ্রুত শেষ করতে পারেনি তারা। তার ওপর ব্যাট করতে নেমে একের পর এক দায়িত্বজ্ঞানহীন শটে উইকেট উপহার দিয়ে এলেন ভারতীয় ব্যাটাররা। আদৌও এই টেস্ট তারা জেতার লক্ষ্য নিয়ে নেমেছে কি না, সন্দেহ হচ্ছে। আর এই টেস্টে জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কথা ভুলে যাওয়াই ভাল। যতই হিসেব-নিকেশ করুন, অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে খোঁয়াড়ের উইকেট দিয়ে হোয়াইট ওয়াশ করুন, ফাইনালের দরজা আর খোলা যাবে না।
ক্যাচ ফস্কে বিপদ বাড়াল ভারত
প্রথম দিনের শেষে ৫ উইকেটে ২৪৬ রান তুলেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শুরু করেছিলেন টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস। সকালে ফিলিপসকে ৩৬ রানে ফিরিয়ে দেন অংশুল কম্বোজ। মনে হয়েছিল, এ বার দ্রুত কিউয়িদের ইনিংস শেষ করতে পারবে ভারত। কিন্তু তা হয়নি।
ব্লান্ডেলকে একাধিক বার আউট করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ভারতীয় ফিল্ডাররা। দেবদত্ত পাড়িক্কল-সহ একাধিক ফিল্ডার ক্যাচ ফেলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ক্রিজে জমে যান ব্লান্ডেল। নাথান স্মিথের সঙ্গে ৪৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।
তাঁর ৫০তম টেস্ট খেলতে নেমে ২১১ বলে ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেন ব্লান্ডেল। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তাঁর। শেষ পর্যন্ত গুরনূর ব্রারের বলে আউট হন কিউয়ি উইকেটকিপার। আকাশ দীপ নেন পাঁচ উইকেট। ৯৯ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। টেস্ট ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় পাঁচ উইকেট।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Akash Deep deserves better than this💔
Devdutt Padikkal drops Matt Henry twice within two overs, denying Akash Deep a well deserved five wicket haul.
Bowlers are creating opportunities, but fielders are busy throwing them away. This is Test cricket, not a catching practice session 🤦♂️😡
Watch both dropped catches. https://t.co/1ZqHfv2npc</p>— CA Anurag (@CAAnurag_) <a href=”https://x.com/CAAnurag_/status/2126481100843434258?ref_src=twsrc%5Etfw”>November 28, 2026</a></blockquote>
<script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
বুমরা উইকেটহীন, ব্যাট হাতেও ব্যর্থ ভারত
নিউজিল্যান্ডের ইনিংসে ২৬ ওভার বল করে ৪৯ রান দিয়েও কোনও উইকেট পাননি জসপ্রীত বুমরা। তিনি নাকি এই টেস্টে অন্যরকম রান-আপে বোলিং করেন। এমন একটা গুরুত্বপূর্ণ টেস্টে, যেখানে জেতাটা খুব জরুরি এবং তিনি জানেন তাঁর পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করছে ভারতের হার-জিত, সেখানে অনযরকম রান-আপ নিয়ে বল করে লাইন ও লেংথ ঠিক রাখলেও সেই বলে ব্যাটারদের মারার মতো ছোবল ছিল না। আকাশ দীপ ছাড়া ভারতীয় বোলিং আক্রমণের বাকিরা তেমন আগ্রাসন দেখাতেই পারেননি। কিউয়ি ব্যাটারদের চাপে রাখতেই পারেননি কেউ। তা হলে টেস্ট জিতবেন কী করে?
ব্যাটিংয়েও বেহাল অবস্থা ভারতের। প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে যান যশস্বী জয়সওয়াল। শূন্য রানেই ফেরেন তিনি। চলতি সিরিজে পাঁচ ইনিংসের মধ্যে তিন বারই প্রথম ওভারে আউট হন এই বাঁহাতি ওপেনার।
এর পর দেবদত্ত পাড়িক্কল ২০ বলে ২১ রান করে শুরুটা ভালই করেছিলেন। কিন্তু কাইল জেমিসনের বলে উইকেটের পিছনে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ক্রিজে আসেন অধিনায়ক শুভমন গিল। রাহুলের সঙ্গে জুটি গড়ে দলকে সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু জেমিসনের বলে দ্বিতীয় স্লিপে টম লাথামের হাতে ক্যাচ দিয়ে ১৭ রানেই ফিরতে হয় তাঁকে। চায়ের বিরতিতে ভারতের রান ছিল ৩ উইকেটে ৫৯।
পন্থ-রাহুলের লড়াইও বিফলে
চায়ের বিরতির পর ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে ইনিংস সামলানোর চেষ্টা করেন রাহুল। ধৈর্য ধরে ব্যাট করছিলেন কর্নাটকের ব্যাটার। অন্য দিকে, পন্থের যেখানে ইনিংসের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে আরও বেশিক্ষণ উইকেটে টিকে থাকার চেষ্টা করা উচিত ছিল, সেখানে তিনি নিজের স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক ভঙ্গিতে রান তোলার চেষ্টা করেন। দু’জনে মিলে ৩৮ রান যোগ করেন।
কিন্তু জ্যাকব ডাফির একটি বলে চালাতে গিয়ে ২৩ রান করে আউট হন পন্থ। এই পরিস্থিতিতে ও ভাবে চালিয়ে খেলার প্রবণতা কেন দেখা গেল পন্থের মধ্যে, এই প্রশ্ন উঠতেই পারে। একে দায়িত্বজ্ঞানহীনতা বলবেন নাকি পরিস্থিতিকে গুরুত্ব না দেওয়ার ফল? দুটোই হতে পারে। এর পরেই বড় ধাক্কা খায় ভারত। ৮০ বল খেলে ২৫ রান করা রাহুলও ভুল শট নির্বাচন করে মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন। ৯৬/৩ থেকে মাত্র ৮ রানের ব্যবধানে ১০৪/৫ হয়ে যায় ভারতের স্কোর।
শেষ ভরসা ছিলেন ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। কিন্তু দিনের শেষ বলে নাথান স্মিথের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান সুন্দর। ৬০ বলে ১০ রান করেন তিনি। শেষ বলটিতে ক্রিজে টিকে থাকার মতো দায়িত্বশীল আচরণও দেখা গেল না তাঁর মধ্যে।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১১৬। জুরেল অপরাজিত ৭ রানে। প্রথম ইনিংসে এখনও ২৪০ রানে পিছিয়ে ভারত। আকাশ দীপ বল হাতে লড়াইয়ের জায়গা তৈরি করে দিয়েছিলেন। কিন্তু ফিল্ডিং এবং ব্যাটিংয়ের ব্যর্থতায় সেই সুযোগ কার্যত হাতছাড়া করেছে ভারত। তৃতীয় দিনে ঘুরে দাঁড়াতে না পারলে এই টেস্টে হারের মুখে পড়তে পারে গিল-গম্ভীরের দল।
একেই দল বাছাই নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন ভারতীয় কোচ ও অধিনায়ক। গম্ভীরের অঙ্গুলিহেলনে বাছা দল ও প্রথম টেস্টে জেতার চেষ্টা না করে শেষ দিনে ১৫ ওভার বাকি থাকতেই শুভমনের ড্রয়ের সমঝোতা করে নেওয়ার সিদ্ধান্ত—এই সব নিয়ে কাটা ছেঁড়া শুরু হয়েই গিয়েছে। এরপর এই টেস্ট হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও পিছিয়ে পড়লে যে গিল-গম্ভীরের জায়গা নড়বড়ে হয়ে যাবে না, তা কে বলতে পারে? ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তো এমন ঘটনা কতবারই ঘটেছে।