বিশ্বকাপের হতাশা ভুলে এশিয়ান গেমসে ফের ছন্দে ভারতীয় হকি দল। আয়োজক জাপানকে ২-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসের পুরুষ হকির সেমিফাইনালে উঠে গেল গত বারের চ্যাম্পিয়নরা। পুল ‘এ’-তে এটি ভারতের টানা চতুর্থ জয়। এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন হরমনপ্রীত সিং-রা।
ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ১৩-১, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬-১ এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৮-২—প্রথম তিন ম্যাচেই গোলের বন্যা বয়ে যায় ভারতের স্টিকে। কিন্তু জাপানের বিরুদ্ধে ছবিটা ছিল অন্য রকম। আয়োজক দল শুরু থেকেই যথেষ্ট আগ্রাসী হকি খেলে। প্রথম কোয়ার্টারে প্রায় ৬০ শতাংশ বল দখলও ছিল জাপানের। তবু আক্রমণের ধার এবং সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল ভারত।
প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার পায় ভারত। কিন্তু হরমনপ্রীতের শট কাজে লাগেনি। তার কিছু পরেই পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যাওয়ার সুযোগ পায় জাপানও। কিন্তু ভারতীয় খেলোয়াড়ের পায়ে বল লাগার কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ফের পেনাল্টি কর্নার পায় জাপান। এ বারও ভারতীয় রক্ষণ সামলে নেয় পরিস্থিতি।
শেষ পর্যন্ত প্রথম কোয়ার্টারের শেষ লগ্নে ব্যবধান গড়ে দেন অভিষেক। ১৫ মিনিটে দুরন্ত ফিল্ড গোল করে ভারতকে ১-০ এগিয়ে দেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারেও জাপান একাধিক বার চাপ তৈরি করেছিল। কিন্তু ভারতীয় রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধানেই বিরতিতে যায় ভারত।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর কাজটি করেন অধিনায়ক হরমনপ্রীত। ৪০ মিনিটে ভারতের পঞ্চম পেনাল্টি কর্নার থেকে তাঁর শক্তিশালী লো-ফ্লিক জাপানের গোলরক্ষককে পরাস্ত করে। স্কোর হয়ে যায় ২-০।
শেষ কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে ভারত। একের পর এক আক্রমণ তৈরি হয়। দ্রুত চারটি পেনাল্টি কর্নারও পায় তারা। কিন্তু তৃতীয় গোলটি আর আসেনি। জাপানের রক্ষণ শেষ পর্যন্ত আরও গোল হতে দেয়নি।
তবে সেমিফাইনালের আগে একটি জায়গায় চিন্তা থেকেই যাচ্ছে। জাপানের বিরুদ্ধে মোট ১০টি পেনাল্টি কর্নার পেয়েও মাত্র একটি থেকে গোল করতে পেরেছে ভারত। নক-আউট পর্বে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এই জায়গায় উন্নতি প্রয়োজন হবে।
চার ম্যাচে চার জয় নিয়ে পুল ‘এ’-র শীর্ষে ভারত। আগামী সোমবার শেষ পুল ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। তার পরই সেমিফাইনালের লড়াই। অপরদিকে, বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকলে সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পাকিস্তান।
বিশ্বকাপে অষ্টম হয়ে শেষ করার হতাশার পরে এশিয়ান গেমসে অবশ্য এখনও পর্যন্ত অন্য ছবি। গোলের ঝড় দিয়ে শুরু করে কঠিন জাপান পরীক্ষাও পেরিয়ে গেল ভারত। সামনে এখন সোনা ধরে রাখার লড়াই।
স্কোয়াশ ফাইনালে অনাহত, অভয়
জাপানের বিশ্ব ক্রমতালিকায় ছয় নম্বর সাতোমি ওয়াতানাবেকে ৩-২ হারিয়ে এশিয়ান গেমসের স্কোয়াশে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে উঠে গেলেন ভারতের তরুণ প্রতিভা ১৮ বছরের অনাহত সিং। শনিবার সেমিফাইনালে প্রথম দু’টি গেম হেরে গিয়েছিলেন। মনে হচ্ছিল, সেখান থেকেই হয়তো শেষ হয়ে যাবে লড়াই। কিন্তু অনাহত তখনও হার মানেননি। পরের তিন গেমে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ৫১ মিনিটের রুদ্ধশ্বাস সেমিফাইনালে অনাহাত জিতলেন ৯-১১, ১১-১৩, ১২-১০, ১১-৬, ১১-৩ ব্যবধানে। শুধু ফাইনালে ওঠাই নয়, এই জয় অনাহাতের কেরিয়ারের অন্যতম সেরা জয় হিসাবেও চিহ্নিত হয়ে থাকল।
ঘটনাচক্রে, সাতোমির বিরুদ্ধে এর আগেও এমনই পাঁচ গেমের লড়াই হয়েছিল অনাহাতের। সেই ম্যাচে ২-০ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-৩ হেরেছিলেন ভারতীয় তারকা। এ বার যেন সেই হারের হিসাব সুদে-আসলে মিটিয়ে নিলেন তিনি।
অনাহাতের সঙ্গে ভারতের আর একটি সোনার সম্ভাবনা তৈরি করেছেন অভয় সিং। পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে পাকিস্তানের মুহাম্মদ ইরফানকে সরাসরি ৩-০ গেমে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছেন তিনি। ফলে এশিয়ান গেমসের স্কোয়াশে মেয়েদের পাশাপাশি পুরুষদের সিঙ্গলসেও সোনার লড়াইয়ে থাকছে ভারত। দু’টি বিভাগেই সোনাজয়ী খেলোয়াড় সরাসরি ২০২৮ অলিম্পিক্সে জায়গা পাবেন।