লড়াইটা ছিল চার দলের। সেখানে জামাইকার কাছে ০-২ গোলে হেরে বর্তমানে ইউনিটি কাপে তৃতীয় স্থান দখলের লড়াইয়ে আগামী শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামতে চলেছে ভারতীয় দল। লন্ডনে অনুষ্ঠিত চার দেশের এই টুর্নামেন্টে বুধবার রাতে জামাইকার কাছে ০-২ গোলে হারতে হল খালিদ জামিলের দলকে। এই প্রসঙ্গে বলা যায়, ২০০২ সালের পর এই প্রথম লন্ডনে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল ভারত। তবে, প্রত্যাবর্তনের অভিজ্ঞতাটা খুব একটা সুখের হল না তাদের জন্য।
খেলা শুরুর আট মিনিটের মধ্যে গোল করে জামাইকা’কে এগিয়ে দেন কোর্টনি ক্লার্ক। তাদের পরপর আক্রমণের সামনে প্রায় ছন্নছাড়া হয়ে পরে ভারতের রক্ষণভাগ। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোলটি করে যায় জামাইকা। প্রথমবারের চেষ্টায় জামাইকার শট ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু বাঁচিয়ে দিলেও সময়মতো বল দ্রুত ক্লিয়ার করতে পারেননি ভারতের ডিফেন্ডারেরা।
সেই সুযোগ কাজে লাগিয়ে ডান পায়ে দুরন্ত শটে গোল করে যান ক্লার্ক। আসলে, ফিফা ক্রমতালিকায় ৭১ নম্বরে রয়েছে জামাইকা। ফলে, এই ম্যাচে খালিদ জামিলের দলের জন্য লড়াইটা যে সহজ হবে না তা জানাই ছিল। পাশাপাশি, রায়ান উইলিয়ামস, লালিয়ানজুয়ালা ছাংতে ও এডমুন্ড লালরিন্ডিকা সমৃদ্ধ ভারতের আক্রমণভাগও নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয়।
১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় বিরতির পর আক্রমণের চাপ কিছুটা হলেও বাড়ায় ভারতীয় দল। খেলার এই অর্ধে ৫৩ মিনিট নাগাদ ছাংতে’র গোল অফসাইডের জন্য বাতিল হয়। এরপরেও কিছু আক্রমণ গড়ে তুলেছিল ভারত। তবে, তা থেকে ম্যাচে ফিরতে পারেনি তারা। উল্টে, খেলার ৭৮ মিনিটে কাহেম ডিক্সনের গোলে ব্যবধান বাড়ায় জামাইকা। শেষ পর্যন্ত ২-০ হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে। এই হারের ফলে, ফাইনালে উঠতে পারল না খালিদ জামিলের দল।