খুব সহজেই টমাস কাপের সেমিফাইনালে গেল ভারত

টমাস কাপে ভারতীয় দলের দাপট অব্যাহত। কোয়ার্টার ফাইনালে চিনা তাইপের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন ও চিরাগ শেট্টি। এই জয় পেতে ভারতকে কোনও বেগ পেতে হয়নি।

শুক্রবার প্রথম ম্যাচে খেলতে নামেন লক্ষ্য সেন। এদিন শুরুটা ভালো না হলেও দ্রুত ঘুরে দাঁড়ান তিনি। চৌ তিয়েন চেনের বিরুদ্ধে ১৮-২১, ২২-২০ ও ২১-১৭ ব্যবধানে সহজ জয় তুলে নেন তিনি। ফলে, ভারত ১-০ ব্যবধানে এগিয়ে যায়। প্রথম গেমে হারার পরেও যেভাবে ম্যাচে ফিরেছিলেন লক্ষ্য, তাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল দলের অন্য সদস্যদের আত্মবিশ্বাস তুঙ্গে গিয়ে পৌঁছেছে। দ্বিতীয় ম্যাচে তার প্রতিফলন দেখা যায় ভারতের তারকা সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির খেলায়। পুরুষদের ডাবলসে চাইনিজ তাইপের চিউ হসিয়াং চিয়েহ ও ওয়াং চি-লিনের বিরুদ্ধে লড়াইটা খুব একটা সহজ ছিল না ভারতীয় জুটির জন্য। প্রথম সেটটি ২৩-২১ ব্যবধানে জিততেও দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৯-২১ ব্যবধানে হারতে হয় সাত্ত্বিক ও চিরাগ জুটিকে।

তবে, শেষ গেমে তাদের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না চাইনিজ তাইপের জুটি। কোর্টের লড়াইয়ে ২১-১২ ব্যবধানে জিতে ভারতের লিড ২-০ করেন তাঁরা। কার্যত নিয়মরক্ষার শেষ ম্যাচে কোর্টে নামেন তরুণ শাটলার আয়ুষ শেট্টি। প্রতিপক্ষ লিন চুন-ই’য়ের বিপক্ষে তাঁর অতীত রেকর্ড ভালো না থাকলেও, এদিন স্ট্রেট সেটে ম্যাচ ছিনিয়ে নেন। শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচের দখল নেন তিনি। পরপর দু’টি গেমে ২১-১৬ ও ২১-১৭ ব্যবধানে চুন-ই’কে হারিয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করেন আয়ুষ। সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স ও জাপানের মধ্যে জয়ী দল। এখন দেখার বিষয় কোয়ার্টার ফাইনালের এই দাপট সেমিফাইনালেও ধরে রাখতে পারে কি না ভারত।