শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ ভারতের কাছে শুধু একটি দ্বিপাক্ষিক লড়াই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালে ওঠার লড়াইয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারালেও ভারতের পথ খুব একটা সহজ হবে না।
১৫ অগস্ট থেকে গলে শুরু হচ্ছে শুভমন গিলের নেতৃত্বে ভারতের শ্রীলঙ্কা সফর। বর্তমানে ডব্লিউটিসি ২০২৫-২৭ পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে। ন’টি টেস্টে চারটি জয় ও চারটি হার নিয়ে ভারতের পয়েন্ট শতাংশ (PCT) ৪৮.১৫০। অন্যদিকে, একটি জয়, একটি হার ও দু’টি ড্র নিয়ে ৪১.৬৭ পয়েন্ট শতাংশে ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতলেও ভারতের পয়েন্ট শতাংশ বেড়ে হবে মাত্র ৫৭.৫৮। তাঁর মতে, এই স্কোর ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে ভারতকে খুব একটা সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে না।
আকাশের কথায়, ‘আমরা যদি ২-০ ব্যবধানে জিতি, তা হলে পয়েন্ট শতাংশ হবে ৫৭.৫৮। অর্থাৎ কিছুটা লাভ হবে। কিন্তু সিরিজ ১-১ ড্র হলে কার্যত কোনও লাভই হবে না। ভারতের পয়েন্ট শতাংশ হবে ৪৮.৪৮ এবং শ্রীলঙ্কার হবে ৪৪.৪৪। অবস্থানও প্রায় একই থাকবে’।
তাঁর মতে, উল্টো ছবিটাও ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের। যদি ভারত ০-২ ব্যবধানে সিরিজ হারে, তা হলে তাদের পয়েন্ট শতাংশ নেমে যাবে ৩৯-এ। অন্যদিকে শ্রীলঙ্কা উঠে যাবে ৬১ শতাংশের বেশি পয়েন্ট নিয়ে চার নম্বরে। তখন প্রথমবারের মতো ডব্লিউটিসি ফাইনালে ওঠার বাস্তব সম্ভাবনা তৈরি হবে শ্রীলঙ্কার সামনে।
আকাশের সবচেয়ে বড় উদ্বেগ অবশ্য শ্রীলঙ্কা সফরের পরের সূচি নিয়ে। ভারতের সামনে নিউজিল্যান্ড সফরে দুই টেস্টের কঠিন সিরিজ রয়েছে। তার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ। তাঁর মতে, নিউজিল্যান্ডের মাটিতে জেতা সব সময়ই কঠিন। সেখানে একটি টেস্ট হারলেও পয়েন্ট শতাংশে বড় ধাক্কা লাগতে পারে। আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দীর্ঘ সিরিজেও ভুল করলেই সর্বনাশ।
সাম্প্রতিক অতীতও ভারতের পক্ষে খুব আশাব্যঞ্জক নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ব্যর্থতা, দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার এবং স্পিন-বান্ধব উইকেটে ব্যাটিংয়ের দুর্বলতা এখনও চিন্তার কারণ। সেই কারণেই আকাশ চোপড়ার মতে, শ্রীলঙ্কা সিরিজে জয় পেলেও ভারতের ডব্লিউটিসি ফাইনালের রাস্তা মোটেও মসৃণ হবে না।