কমনওয়েলথ কবাডিতে ইতিহাস! পুরুষ, মহিলা- দুই বিভাগেই সোনা জিতল ভারত

Commonwealth Kabaddi Photo-SNS

কবাডির মঞ্চে আবার ভারতের দাপট। কমনওয়েলথ কবাডি চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণেই ইতিহাস গড়ল ভারত। শনিবার আমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে পুরুষদের ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৪-২০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত। এর আগে মহিলাদের ফাইনালে উগান্ডাকে ৩৫-১৫ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিল ভারতের মেয়েরা। ফলে একই দিনে পুরুষ ও মহিলা—দু’টি বিভাগেই সোনা জিতে নজির গড়ল দেশ।

পুরুষদের বিভাগে ভারতই প্রথম চ্যাম্পিয়ন। অধিনায়ক সুরজিৎ সিংহের নেতৃত্বে গোটা প্রতিযোগিতায় অপরাজিত রইল ভারতীয় দল। আটটি ম্যাচ খেলে আটটিতেই জয়। ফাইনালেও প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেয়নি ভারত।

*আদিত্যর সুপার টেন, রক্ষণে যোগেশের হাই ফাইভ*


ফাইনালে ভারতের জয়ের অন্যতম প্রধান কারিগর আদিত্য শিন্ডে। দুরন্ত পারফরম্যান্স করে সুপার টেন করেন তিনি। ১৪টি রেইড থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করেন আদিত্য। তার মধ্যে চারটি বোনাস পয়েন্ট।

তাঁকে যোগ্য সঙ্গত দেন ভরত হুডা। দ্বিতীয়ার্ধে একাই আটটি রেইড পয়েন্ট তুলে নেন তিনি। সাতটি রেইডে এক বারও তাঁকে আটকাতে পারেনি শ্রীলঙ্কার রক্ষণ। পঙ্কজ মোহিতে ছ’টি এবং সহ-অধিনায়ক নবীন কুমার পাঁচটি পয়েন্ট যোগ করেন।

রক্ষণেও দুরন্ত ভারত। যোগেশ দাহিয়া পাঁচটি ট্যাকলের পাঁচটিতেই সফল হয়ে হাই ফাইভ করেন। অধিনায়ক সুরজিৎ সিং, শুভম শিন্ডে, প্রবেশ মালিক এবং দীপক শঙ্কর দু’টি করে ট্যাকল পয়েন্ট পান।

ভারত মোট ৩০টি রেইড পয়েন্ট এবং ১৪টি ট্যাকল পয়েন্ট সংগ্রহ করে। শ্রীলঙ্কাকে চার বার অল আউট করলেও নিজেরা এক বারও অল আউট হয়নি।

ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার রেইডাররা কার্যত ব্যর্থ। ৪১টি রেইডের মধ্যে মাত্র সাতটিতে সফল হয় তারা। অন্য দিকে, ৪০টি রেইডের মধ্যে ২৪টিতে পয়েন্ট সংগ্রহ করে ভারত।

*সমর্থকদের ধন্যবাদ আদিত্যর*

ফাইনালে সেরা খেলোয়াড়দের অন্যতম আদিত্য শিন্ডে ম্যাচের পর আমদাবাদের দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একটার পর একটা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, এটা আমেদাবাদের মানুষের কাছেও দারুণ ব্যাপার। আমরা তাঁদের কাছ থেকে প্রচুর সমর্থন পেয়েছি। আশা করি, আগামী প্রতিযোগিতাগুলিতেও সবাই একই ভাবে আমাদের পাশে থাকবেন। বড় করে উৎসব হবে।’

*আট ম্যাচে আট জয়, অপ্রতিরোধ্য ভারত*

পুরো প্রতিযোগিতায় ভারতের দাপট ছিল চোখে পড়ার মতো। গ্রুপ পর্বে ছ’টি ম্যাচের সব ক’টিতেই জিতে গ্রুপের শীর্ষে শেষ করে তারা। ইংল্যান্ডকে ৪৬-২৬, উগান্ডাকে ৪৪-৩০, মালয়েশিয়াকে ৩৭-২৩, নাইজেরিয়াকে ৫০-২৩, তানজানিয়াকে ৪৮-২০ এবং শ্রীলঙ্কাকে ৪৫-২৪ পয়েন্টে হারায় ভারত।

সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিল ৫৬-২৭ পয়েন্টে। তার পর ফাইনালে শ্রীলঙ্কাকে ৫৪-২০ পয়েন্টে হারিয়ে খেতাব জয়।

আটটি ম্যাচে ভারত মোট ৩৮০ পয়েন্ট সংগ্রহ করেছে। প্রতিপক্ষকে দিয়েছে মাত্র ১৯৩ পয়েন্ট। কোনও দলই এই প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে ৩০ পয়েন্টের বেশি তুলতে পারেনি।

কমনওয়েলথ কবাডির প্রথম আসরেই পুরুষ ও মহিলা—দু’টি বিভাগে সোনা জিতে ভারত বুঝিয়ে দিল, আন্তর্জাতিক কবাডিতে তাদের আধিপত্য এখনও অটুট।