ব্রাজিল না আসিয়ান কাপ? ভারতীয় ফুটবলের সামনে ছিল দুই বড় সুযোগ। শেষ পর্যন্ত পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধেই খেলার সুযোগকে অগ্রাধিকার দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফিফার উদ্বোধনী আসিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত। পরিবর্তে ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচেই খেলবে ভারত।
বুধবার ‘দৈনিক স্টেটসম্যান ডিজিটাল’-এ এই খবর আগাম প্রকাশিত হয়। বৃহস্পতিবার সেই খবরেই সিলমোহর দেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সহ সচিব এম সত্যনারায়ণ। ফেডারেশনের এই সিদ্ধান্তের খবর নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা ফিফা আসিয়ান কাপ থেকে সরে এসেছি। কারণ ব্রাজিল এবং ফিফা আসিয়ান কাপ—দুটিই একসঙ্গে খেলা আমাদের পক্ষে সম্ভব নয়’।
ফিফার নতুন এই প্রতিযোগিতায় আমন্ত্রিত দল হিসেবে ভারতের খেলার কথা ছিল। প্রথমে সেই আমন্ত্রণ গ্রহণও করেছিল ফেডারেশন। ডিভিশন ১-এর গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে ছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। কিন্তু ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক উইন্ডোয় আয়োজিত এই প্রতিযোগিতার সূচির সঙ্গে ব্রাজিল ম্যাচের তারিখের সংঘাত হয়। কারণ, ৩ অক্টোবর কলকাতাতেই ব্রাজিলের বিরুদ্ধে নামার কথা ভারতের।
যাতে দুই দিকই বজায় থাকে, তাই এর আগে আসিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখেছিল ফোডারেশন। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী একই দেশের দুটি দল ফিফা স্বীকৃত দুটি আলাদা ম্যাচে খেলতে পারে না। সেই কারণেই পুরো প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা।
ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক শক্তিশালী দলের বিরুদ্ধে ফিফা অনুমোদিত প্রতিযোগিতায় খেলার সুযোগ হাতছাড়া হল ভারতের। ব্রাজিলের মতো বিশ্বফুটবলের অন্যতম শক্তির বিরুদ্ধে খেলার সুযোগকে বেশি গুরুত্ব দিয়েছে ফেডারেশন।
শুধু ব্রাজিলই নয়, এই উইন্ডোতে ২০২৬ বিশ্বকাপে খেলা আরো একটি বা দু’টি দেশের বিরুদ্ধেও প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন। কেপ ভার্দে এবং ইরানের নাম নিয়ে আলোচনা চলছে বলে খবর। যদিও এখনও পর্যন্ত সেই ম্যাচগুলির কোনওটিই সরকারি ভাবে নিশ্চিত করেনি ফেডারেশন।
২০২৭-এর এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করতে পারেনি ভারত। সাম্প্রতিক বছরগুলিতে নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগও খুব একটা পায়নি এ দেশের জাতীয় দল। সেই পরিস্থিতিতে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচকে ভারতীয় ফুটবলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছে ফেডারেশন।
তবে আসিয়ান কাপ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে। একটি ফিফা অনুমোদিত প্রতিযোগিতায় একসঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার সুযোগ ছিল ভারতের সামনে। তার বদলে ব্রাজিলের বিরুদ্ধে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ভারতীয় দলের কতটা উপকারে আসবে, সেই উত্তর মিলবে ভবিষ্যতেই। আপাতত সব নজর ৩ অক্টোবরের দিকে। যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নেবে ভারত। তবে ফিফা আসিয়ান কাপে খেলা হবে না তাদের। এ জন্য আর্থিক জরিমানাও হতে পারে তাদের। প্রথমে রাজি হওয়া সত্ত্বেও টুর্নামেন্ট শুরুর মাত্র দু’মাস আগে নাম তুলে নেওয়ায় ভারতকে জরিমানাও করতে পারে ফিফা।