আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ প্রজন্মের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ। সেই পরীক্ষার প্রথম ধাপেই সাফল্য পেল ভারতের অনূর্ধ্ব-১৫ দল। শনিবার আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও উৎসবের প্রথম ম্যাচে লাওসকে ৪-২-এ হারাল ভারতের কিশোর ফুটবলাররা।
অধিনায়ক ম্যাকডনিশ এনগাইরাংবামের পাশাপাশি গোল করলেন লালরেম রুয়াতফেলা। তাঁর জোড়া গোলের সঙ্গে সৌমজিৎ সরকারের দূরপাল্লার শট ভারতকে এনে দিল প্রতিযোগিতার প্রথম তিন পয়েন্ট। লাওসের হয়ে গোল করেন আনাভিন জাইয়াসোনে ও সৌকসাভান সিলিসেং ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের ফল মেলে দ্রুত। সপ্তম মিনিটেই অধিনায়ক ম্যাকডনিশের গোলে এগিয়ে যায় ভারত। চার মিনিটের মধ্যে ব্যবধান বাড়ান লালরেমরুয়াতফেলা। মাত্র ১১ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দেয় ভারতীয় দল।
কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এক মিনিটের মধ্যেই ব্যবধান কমান আনাভিন। ১২ মিনিটে গোল করে লাওসকে ম্যাচে ফেরান তিনি। এর পর ধীরে ধীরে আক্রমণের ঝাঁজ বাড়াতে থাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি। ২৪ মিনিটে সৌকসাভান গোল করে সমতা ফেরান। ফলে প্রথমার্ধের লড়াইয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
### লালরেমের জোড়া গোল
সমতা ফেরানোর পরেও দমে যায়নি ভারত। বরং প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। তার ফল আসে ৩১ মিনিটে। নিজের দ্বিতীয় গোল করে ভারতকে ফের এগিয়ে দেন লালরেম রুয়াতফেলা।
এর ঠিক দু’মিনিট পরেই ব্যবধান বাড়ান সৌমজিৎ সরকার। দূরপাল্লার দুরন্ত শটে লাওসের জালে বল জড়িয়ে দেন তিনি। পর পর দু’টি গোল ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি লাওস। ৪-২ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ভারত।
### সামনে আরও কঠিন পরীক্ষা
জয় দিয়ে অভিযান শুরু করলেও ভারতের সামনে এখন আরও কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে পরবর্তী ম্যাচগুলিতে ক্যামেরুন, গ্রেনাডা, বাহরাইন এবং সেনেগালের মুখোমুখি হবে তারা। রবিবার একই দিনে ক্যামেরুন ও গ্রেনাডার বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তার পর সোমবার বাহরাইন ও সেনেগালের বিরুদ্ধে ম্যাচ রয়েছে।
এই প্রতিযোগিতার বিশেষত্ব হল, এটি প্রচলিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের মতো নয়। ফিফার এই নতুন উদ্যোগে অংশ নিচ্ছে বিভিন্ন দেশের কিশোর ফুটবলারেরা। ম্যাচগুলি হচ্ছে আট জনের দলের ফর্ম্যাটে। মূল লক্ষ্য শুধু ফল নয়, তরুণ ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়া এবং তাঁদের দক্ষতা বাড়ানোও।
ভারতীয় দলের কোচ বিবিয়ানো ফার্নান্দেজের কাছে তাই এই প্রতিযোগিতা শুধু জয়ের মঞ্চ নয়, ভবিষ্যতের ফুটবলার তৈরিরও বড় সুযোগ। লাওসের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেই পথে আশাব্যঞ্জক শুরু করল ভারতের কিশোররা।
ম্যাচের ফল: ভারত ৪ (ম্যাকডনিশ ৭’, লালরেম রুয়াতফেলা ১১’, ৩১’, সৌমজিৎ সরকার ৩৩’) — লাওস ২ (আনাভিন ১২’, সৌকসাভান ২৪’)।